ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইনসের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশে ঢাকা ছাড়েন তিনি। মির্জা আলমগীরের সফরসঙ্গী হয়েছেন তার স্ত্রী রাহাত আরা বেগম। দেশ রূপান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, সিঙ্গাপুরে ফারার পার্ক হাসপাতালে তিনি চিকিৎসা নেবেন। সিঙ্গাপুরে পৌঁছে সেখানকার নিয়মানুযায়ী ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। পরে তিনি চিকিৎসক দেখাবেন। ৭৩ বছর বয়সী ফখরুল এর আগেও সিঙ্গাপুরে চিকিৎসা করিয়েছেন।
২০১৫ সালে কারাবন্দি অবস্থায় তার ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়লে মুক্তির পর সেখানে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়। সর্বশেষ ২০১৯ সালের ৪ অক্টোবর মির্জা ফখরুল সিঙ্গাপুরে গিয়েছিলেন।
