পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বলেছেন, ব্যাংকসেবা ব্যবস্থায় ব্যাংকের পুরনো ধারা এখন আর থাকবে না। টাকা তুলতে গিয়ে ব্যাংকে লাইনে দাঁড়ানোর সময় এখন আর কারও নেই। সবই চলে যাবে অনলাইনে। উন্নত দেশগুলোতে ব্যাংকিং সেবা সেভাবেই চলছে।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গতকাল বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। ব্যাংকের অনিয়ম অন্যায় প্রসঙ্গে কথা বলার সময় কিছুটা বেশি বলা হয়, আবার কিছুটা সত্যতাও রয়েছে বলে মন্তব্য করে তিনি বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা আনার চেষ্টা করা হচ্ছে। খেলাপি ঋণের পরিমাণও কমছে বলে মন্তব্য করেন তিনি। ম্যুরাল উদ্বোধনের সময় জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুননাহার শাম্মী প্রমুখ উপস্থিত ছিলেন।
