ক্যারিবিয়ানদের বিপক্ষে বিসিবি একাদশের তিন দিনের প্রস্তুতি ম্যাচ ড্র হয়েছে। রবিবার নির্ধারিত সময়ের ঘণ্টা খানেক আগেই ড্র মেনে নেয় দুই দল।
ফলহীন এই ম্যাচে বেশ কিছু সেকশনে নিজেদের শক্তির মহড়া দিয়েছে সফরকারীরা। তারা স্পিন যেমন ভালো খেলেছে, তেমনি বিসিবি একাদশকে ভুগিয়েছে।
দীর্ঘদেহী স্পিনার রাকিম কর্নওয়াল মরা ঘাসের উইকেটেও তুলে নিয়েছেন বাড়তি বাউন্স ও শার্প টার্ন। আর টার্নিং উইকেট পেলে আরও ভয়ংকর হয়ে উঠতে পারেন তিনি।
চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে এদিন বিসিবি একাদশকে ৩৮৯ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল সফরকারীরা। আর সে লক্ষ্য তাড়ায় শুরুতেই বিপদে বিসিবি একাদশ। দলীয় ১৪ রানেই হারায় দুটি উইকেট। বাঁহাতি পেসার রেমন পেসারকে ভেতরে ঢোকা বলে লাইন মিস করে এলবিডব্লিউর ফাঁদে পড়েন সাইফ হাসান। আর মোহাম্মদ নাঈম শেখ জায়গায় দাঁড়িয়ে খোঁচা দিতে গিয়ে ধরা পড়েন কিপারের হাতে।
তবে তৃতীয় উইকেটে আরেক ওপেনার সাদমান ইসলামের সঙ্গে বেশ দারুণ এক জুটি গড়েন ইয়াসির আলী রাব্বি। অবিচ্ছিন্ন থেকে স্কোরবোর্ডে ৪৯ রান যোগ করে এ দুই ব্যাটসম্যান। ২ উইকেট ৬৩ রান হয় দলীয় স্কোর। এরপর দুই দল ড্র মেনে নিলে এক ঘণ্টা শেষ হয় খেলা।
ক্যারিবিয়ানদের পক্ষে ৭ রানের খরচায় ২টি উইকেট পান রিফার।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ২৫৭
বিসিবি একাদশ প্রথম ইনিংস: ১৬০
ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংস: ২৯১ (ক্যাম্পবেল ৬৮, মোসলে ০, বনার ৮০*, ব্ল্যাকউড ৪, মেয়ার্স ৮, হজ ১৯, ডি সিলভা ০*; খালেদ ১/১৬, মুগ্ধ ১/৩২, সাইফ ২/৩২, রিশাদ ০/৬১, শাহিন ০/২২, হৃদয় ১/১৬)।
বিসিবি একাদশ দ্বিতীয় ইনিংস: ২৯ ওভারে ৬৩/২ (সাদমান ২৩*, সাইফ ৭, নাঈম ০, ইয়াসির ৩৩*; রোচ ০/২, গ্যাব্রিয়েল ০/৫, পারমল ০/২১, রিফার ২/৭, জোসেফ ০/১৭, বনার ০/১১)।
ফলাফল: ড্র
