হাসানের ‘ভালো ভবিষ্যৎ’ দেখছেন বাশার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ০৬:৪৭ পিএম

বাংলাদেশের তরুণ পেসার হাসান মাহমুদের ভবিষ্যৎ নিয়ে আশাবাদী বিসিবি নির্বাচক হাবিবুল বাশার।

রবিবার বাশার সাংবাদিকদের বলেন, ‘খুব বেশি প্রথম শ্রেণির ম্যাচ এই ছেলেটা খেলেনি, কিন্তু পরিণত হয়েছে অল্প সময়ের মধ্যে। আমাদের জন্য খুব ভালো একটা প্রতিভা। হাসান মাহমুদের কাছ থেকে আমরা অনেক ভালো কিছু আশা করতে পারি।’

‘বিশেষ করে আমরা যখন দেশের বাইরে খেলতে যাই, এ ধরনের পেসার আমাদের খুব দরকার, যাদের বলে বাড়তি পেস থাকে।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডেতে অভিষেক হয়েছে হাসানের। প্রথম ম্যাচেই তার শিকার ৩ উইকেট। পরের ম্যাচেও উইকেট নেন ১টি।

বাশার বলছেন, ‘খুব ভালো ভবিষ্যৎ আছে ওর। আমি মনে করি, বাংলাদেশ ক্রিকেট তার কাছ থেকে সাদা ও লাল বল, দুই দিক থেকেই ভালো সার্ভিস পাবে।’

২১ বছর বয়সী এই পেসারের জায়গা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের দলেও।

বাংলাদেশের টেস্ট স্কোয়াডে হাসান ছাড়াও অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটার আছেন আরেকজন, ইয়াসির আলি চৌধুরি। হাবিবুল বললেন, এবার ম্যাচ খেলার সুযোগ না পেলেও এই দুজন নিজেদের সমৃদ্ধ করে নিতে পারবেন ভবিষ্যতের জন্য।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত