টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা পড়েছে: তথ্যমন্ত্রী

আপডেট : ৩১ জানুয়ারি ২০২১, ১১:১৪ পিএম

জনগণের উৎসাহে করোনা টিকার বিরুদ্ধে বিএনপির অপপ্রচারে ভাটা পড়েছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

তিনি বলেছেন, তারা (বিএনপি) আশা করেছিল করোনার ভ্যাকসিন সঠিক সময়ে আনতে বা সংগ্রহ করতে পারবে না সরকার। কিন্তু ঘোষণা অনুসারে জানুয়ারি মাসের মধ্যেই ৭০ লাখ ডোজ করোনা ভ্যাকসিন দেশে এনেছে। এতে তাদের সেই আশার গুঁড়েবালি হয়েছে।

রবিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমাদের অর্জন ও বর্তমান প্রজন্মের ভবিষ্যৎ করণীয় শীর্ষক আলোচনা’ ও কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, করোনা মহামারির শুরুতে অনেকে আতঙ্কে ছিল এমনকি কেউ কেউ প্রার্থনাও করেছিল যে, বাংলাদেশে হাজার হাজার মানুষ না খেয়ে মৃত্যুবরণ করে এবং রাস্তায় লাশ পড়ে থাকে। সৃষ্টিকর্তার কৃপায়, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে দেশে একজন মানুষও অনাহারে থাকেনি, রাস্তায় লাশ পড়ে থাকেনি। অপপ্রচারকারীরা এরপর বললো যে, এই ভ্যাকসিন কাজ করবে না আর এই ভ্যাকসিন আগে সরকারের মন্ত্রী-আমলাদের নিতে হবে। এখন সরকারের মন্ত্রী-আমলারা আগে করোনা ভ্যাকসিন নিয়েছে ফলে তাদের মুখটা চুপসে গেছে।

তিনি আরও বলেন, আমি বিএনপি নেতাদের অনুরোধ জানাব, এই ধরনের সমালোচনা বাদ দিয়ে আপনারা সরকার যে ভ্যাকসিনের বিষয়ে সাফল্য দেখিয়েছে দয়া করে তার প্রশংসা করুন। সরকার যে ভ্যাকসিন সংগ্রহ করেছে, সেটি অক্সফোর্ড-এস্ট্রাজেনেকা উদ্ভাবিত ভ্যাকসিন, যা ভারতে উৎপাদন করা হচ্ছে এবং এটি পৃথিবীর বিভিন্ন দেশ সংগ্রহ করে তাদের জনগণকে দিচ্ছে।  বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ সমগ্র পৃথিবী এটার ওপর আস্থা স্থাপন করেছে, শুধু বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব, রিজভী আহমেদ সাহেব আর গয়েশ্বর বাবু আস্থা স্থাপন করতে পারেনি। তাদের নিজেদের ওপর আস্থা নেই এ জন্য সমালোচনা করে।

প্রজন্ম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি এড. মো. আসাদুজ্জামান মোল্লা দূর্জয়ের সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত