বাংলাদেশ প্রিমিয়ার লিগ

আবাহনীকে পেছনে ফেলে দুইয়ে শেখ রাসেল

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২১, ১১:৫৯ পিএম

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল শেখ রাসেল ক্রীড়া চক্র। তবে শেষ মুহূর্তে আত্মঘাতী গোলে পূর্ণ পয়েন্ট পেয়েছে দলটি। সেই সঙ্গে আবাহনী লিমিটেডকে তিনে ঠেলে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দুই নম্বরে।

সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ১-০ গোলে জয় তুলে নেয় শেখ রাসেল। পাঁচ ম্যাচে ৪ জয়ে ১৩ পয়েন্ট তাদের। চার ম্যাচে তৃতীয় হারের স্বাদ পাওয়া মুক্তিযোদ্ধা সংসদের পয়েন্ট ৩।

এদিন ম্যাড়মেড়ে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও দুই দলের খেলায় প্রাণ ছিল না। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আত্মঘাতী গোল পায় শেখ রাসেল। বক্সে ঢুকে ওবি মোনেকের বাড়ানো নিচু ক্রসে দুইশবেকভের ফ্লিক মুক্তিযোদ্ধার শোয়েব মিয়ার পায়ে লেগে জালে জড়ায়। সুবাদে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ রাসেল।

একই ভেন্যুতে দিনের অন্য ম্যাচে চট্টগ্রাম আবাহনীর সঙ্গে ১-১ গোলে ড্র করে ঢাকা আবাহনী। পাঁচ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে ১১ পয়েন্ট তাদের। সমান খেলায় ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট চট্টগ্রাম আবাহনীর।

৫ ম্যাচের সব কটি জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। এদিন কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে যারা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে উড়িয়ে দিয়েছে ৪-১ গোলে। পাঁচ ম্যাচে ১ জয় ও ২ ড্রয়ে মোহামেডানের অর্জন ৫ পয়েন্ট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত