‘বঙ্গবন্ধু’র গান লিখছেন জাভেদ আখতার

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৯ এএম

২১ জানুয়ারি ভারতের মুম্বাইয়ে শ্যুটিং শুরু হয়েছে প্রতিক্ষীত চলচ্চিত্র ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের। এই চলচ্চিত্রের সংগীত পরিচালনার দায়িত্ব  পেয়েছেন নামকরা মিউজিশিয়ান শান্তনু মৈত্র। এদিকে ছবির মহরত, শ্যুটিং, শিল্পী, কুশলী আর সংগীত পরিচালকের নাম নিশ্চিত হওয়ার পর জানা গেল ভারতের কিংবদন্তি গীতিকবি জাভেদ আখতার লিখবেন এই ছবির গান। গত শনিবার মধ্যরাতে বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করা আরিফিন শুভ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করলেন বলিউডের এই কবির প্রতি তার মুগ্ধতার কথা, ‘আপনার ঘরে আপনার সামনে আমার এই উপস্থিতি কতটা আবেগের, সেটি ভাষায় প্রকাশ করা যাবে না। এই জাদুকরী সন্ধ্যায় আপনি ছিলেন আমার কাছে কেকের ওপর একটি চেরি ফলের মতো।’ ধারণা করা যায়, শনিবার সন্ধ্যায় শ্যাম  বেনেগালের নেতৃত্বে জাভেদ আখতারের বাসায় দারুণ এক সন্ধ্যা কাটিয়েছে টিম ‘বঙ্গবন্ধু’। শুভ জাভেদ আখতারের লেখায় বুঁদ হয়ে আছেন ‘শোলে’ থেকে ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ পর্যন্ত। ‘বঙ্গবন্ধু’র শ্যুটিং গত বছরের মার্চে ঢাকায় শুরু হওয়ার কথা থাকলেও করোনা মহামারীর কারণে তা বেশ কয়েক মাস পিছিয়ে যায়। কিন্তু বর্ষীয়ান পরিচালক শ্যাম বেনেগাল আর দেরি করতে চাননি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত