বাংলাদেশের পুঁজিবাজারে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওতে আসা কোম্পানির শেয়ারের অযৌক্তিক দাম নির্ধারণ ঠেকাতে পদ্ধতি সুনির্দিষ্ট করে দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা। এখন থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে তালিকাভুক্ত হতে আসা কোম্পানির শেয়ারের দাম নির্ধারণের ক্ষেত্রে ‘নেট অ্যাসেট ভ্যালু মেথড’, ‘ইয়েল্ড মেথড’ এবং ‘ফেয়ার ভ্যালু মেথড’ ব্যবহার করতে হবে। গতকাল বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এ বিষয়ে নির্দেশনা জারি করেছে।
পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করতে তিনটি পদ্ধতি নির্ধারিত রয়েছে। এর একটি হচ্ছে ফিক্সড প্রাইজ মেথড বা স্থির মূল্য পদ্ধতি, যেখানে এসইসি নিজে দাম ঠিক করে দেয়। দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে বুক বিল্ডিং মেথড, যেখানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিলামের মাধ্যমে শেয়ারের মূল্য নির্ধারণ করেন। আর তৃতীয় পদ্ধতিটি হচ্ছে ডিরেক্ট লিস্টিং বা সরাসরি তালিকাভুক্তি, যে মাধ্যমে শুধু সরকারি কোম্পানিগুলো তালিকাভুক্ত হতে পারে। এর মধ্যে বুক বিল্ডিং মেথডে নির্ধারিত দাম নিয়ে অনেক দিন ধরে কারসাজির অভিযোগ রয়েছে। এতে সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্তও হয়। অভিযোগ নিরসনে এই নতুন পদক্ষেপ নিল এসইসি। গতকালের এই নির্দেশনার মাধ্যমে ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারির বুক বিল্ডিং পদ্ধতির পুরনো নির্দেশনা বাদ দিয়ে দেওয়া হয়েছে। পুরনো নির্দেশনায় কোনো শেয়ারের দাম নির্ধারণের কোনো পদ্ধতি ছিল না। গতকালের নতুন নির্দেশনায় তিনটি পদ্ধতি বলে দেওয়া হয়েছে।
