অন্য রূপে দেখা যাবে তাহসান-স্পর্শিয়াকে

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০১:৪৭ এএম

মেধাবী নির্মাতা গোলাম সোহরাব দোদুল-এর প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’-এর পোস্টার দারুণ প্রশংসিত হচ্ছে। এই ফিল্ম ও অন্যান্য প্রসঙ্গে তার সঙ্গে কথা বলেছেন রণ

ওটিটিতে স্বস্তি...

এখন টিভিতে যে সব কাজ হচ্ছে তাতে আমার আগ্রহ নেই। আমি যে ধরনের গল্প বলতে চাই তার জন্য পর্যাপ্ত বাজেট পাওয়া যায় না। তাই এখন ওটিটিতেই ব্যস্ত হচ্ছি। প্রথম ওয়েব ফিল্ম ‘ছক’ নির্মাণ করেছি। এখানে কাজ করেছেন তাহসান খান ও অর্চিতা স্পর্শিয়া। এরপর আরেকটি কাজ শেষ করেছি। নাম ‘ডার্করুম’। এতে প্রধান চরিত্রে আছেন চঞ্চল চৌধুরী। সামনে আরও বেশ কিছু প্রজেক্ট নিয়ে কথাবার্তা চলছে।

ছক...

দেশীয় ওয়েব প্ল্যাটফর্মে চলতি মাসেই ‘ছক’ মুক্তি পাবে। পোস্টার প্রকাশের পর যে সাড়া পাচ্ছি তাতে প্রত্যাশা আরও বেড়ে গেছে। তাছাড়া নিজেই তো কাজটি করেছি, সেদিক থেকে বলতেই পারি ছবিটি দর্শকের ভালো লাগবে। একেবারে অন্যরকম তাহসান ও স্পর্শিয়াকে দেখবেন দর্শক। দুজন দুই ধরনের কাজের মধ্য দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন ঠিকই, কিন্তু আমার কাজটিতে তারা মিশে গিয়েছিলেন। তাহসান যেহেতু সংগীতের মানুষ, তাই তার চরিত্র দেখার চোখ খুব স্পষ্ট। কিছু বললে সহজে তা আয়ত্ত করতে পারেন। আর স্পর্শিয়া তো ফিল্ম মেকিংয়ের সঙ্গে জড়িত শুরু থেকেই। সহকারী পরিচালক, কস্টিউম ডিজাইন থেকে শুরু করে নাটক-সিনেমায় কাজ করেছেন। তার অভিনয় দুর্দান্ত হয়েছে। দুজনের চরিত্রই রহস্যে ঘেরা। পোস্টারে তার কিছূটা আঁচ দেওয়ার চেষ্টা করেছি। আমার প্রথম সিনেমা ‘সাপলুডু’র পোস্টার যে করেছিল সেই সায়েমই এবারের পোস্টার করেছে। সামনে আরও চার-পাঁচটা পোস্টার আসবে। টিজার, ট্রেলারও খুব শিগগির দেখতে পারবেন দর্শক। ‘ছক’-এর গল্পটা ক্রাইম থ্রিলার ঘরানার। শেষটা অসম্পূর্ণ থেকে যাবে। দর্শকের ভালোলাগার ওপর নির্ভর করবে পরবর্তী অংশ বলব কি-না।

সাপলুডুর সিক্যুয়েল...

আমার সিনেমা সাপলুডুর ক্ষেত্রেও গল্পের সমাপ্তি দেখানো হয়নি। কিন্তু দর্শক তা দেখতে চায়। সিনেমাটি ২০১৯ সালের সবচেয়ে আলোচিত ও ব্যবসাসফল সিনেমা। টানা ৫০দিন প্রেক্ষাগৃহে চলেছে। শুধু আফ্রিকা ছাড়া বিশে^র প্রায় সব প্রান্তে আমরা সিনেমাটি নিয়ে গেছি। এখন আসলে শুধু সিনেমা হল থেকে কোনো ছবির ব্যবসা একেবারে সুপার ডুপার হবে, তা নয়। সিনেমা হল ছাড়াও গান, স্যাটেলাইট স্বত্ব, ওটিটি স্বত্ব¡সহ নানা মাধ্যমে সিনেমা থেকে আয় করা সম্ভব। সেদিক থেকে সাপলুডু সফল সিনেমা। এ ছবির সিক্যুয়েল নির্মাণ করতে চাই। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মিডয়াও এ ব্যাপারে আগ্রহী। সিক্যুয়েলে নায়ক আরিফিন শুভ আর খলনায়ক জাহিদ হাসান থাকবেন এটা নিশ্চিত। এই সিনেমার জন্য জাহিদ হাসান সেরা খলনায়কের জাতীয়

পুরস্কারও পেয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত