চট্টগ্রামে ক্যানসার হাসপাতাল

ভিত্তিপ্রস্তর স্থাপন কাল

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২১, ০৭:২০ এএম

চট্টগ্রামে মা ও শিশু হাসপাতালের অধীনে নগরীতে ক্যানসার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট হচ্ছে। ইতিমধ্যে প্রস্তাবিত ক্যানসার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউটের ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা হয়েছে। আগামী বৃহস্পতিবার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে।

গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সিনিয়রস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মো. রেজাউল করিম আজাদ। আগামী বৃহস্পতিবার মা ও শিশু হাসপাতাল ক্যাম্পাসে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।

সম্মেলনে লিখিত বক্তব্যে রেজাউল করিম বলেন, বেসরকারি উদ্যোগে স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান হিসেবে মা ও শিশু হাসপাতাল চট্টগ্রামে স্বাস্থ্যসেবায় যে ভূমিকা রাখছে তার অংশ হিসেবে এবার চট্টগ্রামে অত্যাধুনিক ক্যানসার হাসপাতাল ও রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছি। সরকারের কাছ থেকে হাসপাতালের জন্য প্রয়োজনীয় জমিও বরাদ্দ পাওয়া গেছে। বর্তমানে মা ও শিশু হাসপাতালের ক্যানসার বিভাগে বহির্বিভাগে ৩০ এবং আন্তঃবিভাগে ১০ জন চিকিৎসা নিচ্ছে। ইতিমধ্যে আমাদের ক্যানসার বিভাগ থেকে কেমোথেরাপি নিয়েছে ৪ হাজার ১৪২ জন রোগী এবং বহির্বিভাগ ও আন্তঃবিভাগ মিলে সেবা নিয়েছে ৬ হাজার ৭৭৬ জন। শয্যার অভাবে প্রতিদিন অনেক রোগী ভর্তি করা যাচ্ছে না। ক্যানসার রোগী বাড়ছে চট্টগ্রামে। কিন্তু ক্যানসার রোগীর জন্য চট্টগ্রামে পূর্ণাঙ্গ চিকিৎসা ব্যবস্থা নেই। এ বাস্তবতায় আমরা ক্যানসার হাসপাতাল নির্মাণের জন্য এগিয়ে যাচ্ছি।

সংবাদ সম্মেলনে ক্যানসার হাসপাতাল বাস্তবায়ন কমিটির ভাইস চেয়ারম্যান এসএম আবু তৈয়ব বলেন, ক্যানসার রোগীর চিকিৎসা ব্যয়বহুল। ঢাকার ওপর নির্ভর কিংবা দেশের বাইরে গিয়ে অনেক টাকা ব্যয় হয় রোগীর। এ বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠায় আমরা সবার কাছে অনুদান আশা করছি। নগরীতে ৭০ লাখ মানুষ। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে চেষ্টা করে তাহলে এই হাসপাতালের জন্য অনেক বড় তহবিল গঠন হয়ে যাবে। সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোরশেদ হোসেন প্রমুখ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত