চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাস হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমসহ ২৪ জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) জমা দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। অভিযোগপত্রে আওয়ামী লীগ নেতা দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত হত্যার মূল পরিকল্পনাকারী উল্লেখ করা হয়েছে। আর হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন আইনাল কাদের নিপু। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিদর্শক সন্তোষ কুমার চাকমা মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দেন বলে জানা গেছে। সন্তোষ কুমার চাকমা দেশ রূপান্তরকে বলেন, ‘আমরা মহানগর আদালতের প্রসিকিউশন শাখায় অভিযোগপত্রটি জমা দিয়েছি। আগামী ৯ ফেব্রুয়ারি আদালত অভিযাগপত্রের ওপর শুনানি তারিখ রেখেছেন।’
এর আগে দীর্ঘদিনেও ছেলে হত্যার বিচার না পেয়ে হতাশ সুদীপ্তের বাবা ফেইসবুকে স্ট্যাটাস দিয়ে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। শুরু থেকেই সুদীপ্তের পরিবার ও নগর ছাত্রলীগের একাংশ আলোচিত এই হত্যার ‘নির্দেশদাতা’ হিসেবে লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের নাম উল্লেখ করে আসছে। পুলিশ তাকে গ্রেপ্তার করলেও পরে তিনি জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।
সুদীপ্ত হত্যা মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা দেশ রূপান্তরকে বলেন, চার্জশিটে ২৪ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে ছয়জন পলাতক। আর ১৮ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন। অভিযোগপত্রে দিদারুল আলম মাসুমকে সুদীপ্ত হত্যার ‘মূল পরিকল্পনাকারী’ হিসেবে উল্লেখ করা হয়েছে। আর হত্যাকাণ্ডে নেতৃত্বদানকারী ছিলেন আইনাল কাদের নিপু। ২০১৭ সালের ৬ অক্টোবর সকালে নগরীর সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়ার নিজ বাসার সামনে নগর ছাত্রলীগের তৎকালীন সহ-সম্পাদক সুদীপ্ত বিশ্বাসকে পিটিয়ে হত্যা করা হয়।
