আবার খুলেছে মঞ্চ। দেশের বিভিন্ন নাট্যসংগঠন নাটক মঞ্চায়ন শুরু করেছে। সেই ধারাবাহিকতায় এবার দেশের অন্যতম নাট্যসংগঠন লোক নাট্যদল (বনানী) প্রায় এক বছর পর দেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক ‘কঞ্জুস’ মঞ্চস্থ করতে যাচ্ছে। আগামী ৫ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর মহিলা সমিতি মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হবে। ফরাসি নাট্যকার মলিয়েরের বিখ্যাত কমেডি নাটক ‘দ্য মাইজার’ অবলম্বনে ‘কঞ্জুস’ নাটকটির রূপান্তর করেছেন তারিক আনাম খান। নির্দেশনা দিয়েছেন কামরুন নূর চৌধুরী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুল্লাহ আল হারুন, ইউজিন গোমেজ, সামসাদ বেগম, আনোয়ার কায়সার, মনিকা বিশ্বাস, তানজিনা রহমান, আবু তাহের লিটন আকাশ, বাসুদেব হালদার, মিনহাজুল হুদা দীপ, সাদেকুল ইসলাম, সোহেল মাসুদ প্রমুখ। পোশাক পরিকল্পনা করেছেন কামরুন নূর চৌধুরী, আলোক পরিকল্পনায় জি এম সিরাজুল হোসেন, আবহ সংগীত অভিজিৎ চৌধুরী, নূর তাজমিন নীর, পিনাকী রঞ্জন সরকার এবং মঞ্চ ব্যবস্থাপনায় রয়েছেন আব্দুল আউয়াল খান ও সোহেল মাসুদ।
×
