সাউদাম্পটনের জালে ম্যানইউর গোলবন্যা

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫১ এএম

জয়ে ফিরতে মরিয়া ম্যানচেস্টার ইউনাইটেড ইংলিশ প্রিমিয়ার লিগে সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড স্পর্শ করে জিতল সাউদাম্পটনের বিপক্ষে। গত মঙ্গলবার নিজেদের মাঠে ৯-০ গোলে জিতেছে প্রতিযোগিতার সফলতম দলটি। প্রিমিয়ার লিগে এ নিয়ে চতুর্থবার কোনো দল ৯ বা এর বেশি গোলে জিতল। ম্যানইউ-ই একবার, ১৯৯৫ সালে ইপসউইচ টাউনের বিপক্ষে জিতেছিল একই ব্যবধানে। যাদেরকে হারিয়েছে ম্যানইউ সেই সাউদাম্পটন দু’বছর আগে লেস্টার সিটির বিপক্ষে জিতেছিল ৯-০ গোলে। এ ছাড়া ২০০৯ সালে উইগানকে ৯-১ গোলে বিধ্বস্ত করে টটেনহ্যাম হটস্পার।

গত রাউন্ডে আর্সেনালের সঙ্গে গোলশূন্য ড্রয়ের আগে শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছিল ইউনাইটেড। ৪৭ বছরের মধ্যে দলটির বিপক্ষে প্রথম সেই হারের পর যেন তেতে ছিল তারা। কিকঅফের দ্বিতীয় মিনিটেই বড় ধাক্কা খায় সাউদাম্পটন। লিগে প্রথমবার শুরুর একাদশে খেলতে নামা সুইস মিডফিল্ডার আলেসান্দ্রে ইয়ানকোভিৎস লাল কার্ড দেখেন ম্যাকটমিনেকে ফাউল করায়। ১৮ মিনিটে ওয়ান-বিসাকা এগিয়ে দেন ম্যানইউকে। ৭ মিনিট পর ম্যাসন গ্রিনউডের পাস থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। ৩৪ মিনিটে এই রাশফোর্ডের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল পাঠান পোলিশ ডিফেন্ডার ইয়ান বেদনারেক। ৩৯ মিনিটে স্কোরলাইন ৪-০ করেন এডিনসন কাভানি। অ্যান্থনি মার্শিয়াল তার দুই গোলের প্রথমটি করেন ৬৯ মিনিটে। দুই মিনিট পর ডি-বক্সের বাইরে থেকে জোরালো শটে দারুণ এক গোল করেন ম্যাকটমিনে। শেষ দিকে মার্শিয়ালকে ডি-বক্সে ফাউল করে লাল কার্ড দেখেন বেদনারেক। স্পটকিকে ব্রুনো ফার্নান্দেজ বল জালে পাঠানোর পর নিজের দ্বিতীয় গোল করেন মার্শিয়াল। আর যোগ করা সময়ে নবম গোলটি করেন জেমস।

২২ ম্যাচে ১৩ জয় ও ৫ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২ ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে গোলপার্থক্যে শীর্ষে ম্যানচেস্টার সিটি। ২১ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে তিনে আছে শিরোপাধারী লিভারপুল।

এদিকে, এগিয়ে গিয়েও তা ধরে না রাখতে পারার মাশুল দিয়েছে আর্সেনাল। তাদের ২-১ গোলে হারিয়ে ৮ ম্যাচ পর লিগে জয়ের দেখা পেয়েছে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স। নিকোলাস পেপে আর্সেনালকে এগিয়ে নেওয়ার পর সফল স্পটকিকে সমতা টানেন রুবেন নেভেস। জয়সূচক গোলটি করেন জোয়াও মৌতিনিয়ো। ৭ ম্যাচ পর হারের তেতো স্বাদ পেল আর্সেনাল। উলভারের কাছে নিজেদের মাটিতেও হেরেছিল তারা। ২২ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ১০ম স্থানে তারা। ২১ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে সাউদাম্পটন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত