সাকিব আল হাসানকে নিয়ে উইকেটে দাঁড়িয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। হাফসেঞ্চুরির দিকে এগোচ্ছিলেন। ঠিক তখনই মুশফিককে সামনের পায়ে খেলিয়ে ফাঁদে ফেলেন জোমেল ওয়ারিক্যান। বল টার্ন করায় মুশফিকের ব্যাটের বাইরের কানায় লেগে রাহকিম কর্নওয়ালের ক্যাচে পরিণত হন। এই উইকেটকেই নিজের তিন শিকারের মধ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বললেন ক্যারিবীয় এ স্পিনার। মুশফিক আউট হন ৭৫তম ওভারে। আর ৫ ওভার পরই নতুন বল নেয় উইন্ডিজ। নতুন বল নেওয়ার আগে উইকেটে একজন নতুন ব্যাটসম্যান আনার পরিকল্পনা ছিল তাদের। সেই পরিকল্পনা সফল করেন ওয়ারিক্যান। এ জন্যই তার কাছে মুশফিক গুরুত্বপূর্ণ উইকেট। ‘কর্নওয়াল সিøপে যে ক্যাচটা ধরল, মুশফিকের উইকেটটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। এতে আমরা নতুন বল নেওয়ার আগে নতুন একজন ব্যাটসম্যানকে উইকেটে আনতে পেরেছি, যা পেসারদের কাজ অনেকটাই সহজ করেছিল। অবশ্য শেষদিকে আমরা উইকেট পাইনি।’
২০১৫ সালে অভিষিক্ত বার্বাডোজের বাঁ-হাতি স্পিনার ২০১৮-র সফরে এই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৪ আর দ্বিতীয় ইনিংসে ২ উইকেট নিয়েছিলেন। এবার ৯ টেস্টের ক্যারিয়ারে প্রথম ৫ উইকেট পূরণ করতে চান। তাতে একই সঙ্গে নিজের লক্ষ্য পূরণ ও দলেরও উপকার হবে। ওয়ারিক্যান জানান, দলের লক্ষ্য বাংলাদেশকে ৩০০’র নিচে অলআউট করা, ‘আমি ইতিবাচক থাকতে চাই। আজ খুবই গুরুত্বপূর্ণ তিনটি উইকেট নিয়েছি। আরও কিছু উইকেট নিতে চাই কাল। আমাদের লক্ষ্য বাংলাদেশকে ৩০০-তে বেঁধে ফেলা এবং দল হিসেবে ভালো ব্যাট করা।’
