বিবৃতিতে ফখরুল

জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৪ এএম

সরকারের সব অপকর্ম ও অপশাসনে জনগণের ক্ষোভ এখন তীব্র থেকে তীব্রতর হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া না হলে দেশের স্বাধীনতাকামী মানুষ অবৈধ সরকারের রাজসিংহাসন যেকোনো মুহূর্তে দুমড়ে-মুচড়ে ফেলবে। গতকাল বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

বিএনপির সহদপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘৩০ ডিসেম্বরের নির্বাচনের আগের রাতে ভোটের মাধ্যমে নির্লজ্জভাবে রাষ্ট্রক্ষমতা দখলকারী আওয়ামী সরকার এখন ফ্যাসিবাদী কায়দায় দেশ শাসন শুরু করেছে। বিএনপিসহ বিরোধীদলীয় নেতাকর্মীদের রাজনীতির অঙ্গন থেকে সরিয়ে দিতে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা মামলা দায়ের করছে। এরপর আদালত কর্তৃক তাদের জামিন নামঞ্জুর যেন বর্তমান আওয়ামী সরকারের দৈনন্দিন কর্মসূচিতে পরিণত হয়েছে। আর এই কর্মসূচি সফল করার লক্ষ্যে মানুষের ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার জোর করে কেড়ে নেওয়া হয়েছে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশকে বিরোধী দলশূন্য করতে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে কোনো কারণ ছাড়াই মিথ্যা মামলা দিয়ে কারান্তরীণ করা হচ্ছে। ভুয়া, বানোয়াট ও সাজানো মামলায় সালাহউদ্দিন আহমেদের জামিন বাতিল করে তাকে কারাগারে প্রেরণ বর্তমান গণধিক্কৃত সরকারের ধারাবাহিক অপকর্মেরই অংশ।’

বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীনরা বিরোধী নেতাকর্মীদের নামে মিথ্যা মামলা, তাদের ওপর হামলা, নির্যাতন-নিপীড়ন, গুম, বিচারবহির্ভূত হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও দখলবাজিকে জাতীয় সংস্কৃতির অংশ করতে নানাবিধ পরিকল্পনা হাতে নিয়েছে। সরকার দেশ শাসনে নজিরবিহীন ব্যর্থতা ঢাকতেই বিএনপি নেতাকর্মীদের মিথ্যা মামলায় কারাগারে আটকে রাখতে উন্মাদ হয়ে গেছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব অবিলম্বে সালাহউদ্দিন আহমেদের বিরুদ্ধে দায়ের করা অসত্য মামলা প্রত্যাহার এবং তার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত