স্বাক্ষর জাল মামলা

জামিন নিতে আসা আসামিকে পুলিশে দিল হাইকোর্ট

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ০১:২৪ এএম

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিবের স্বাক্ষর ও সিল জালিয়াতির মামলায় আগাম জামিন নিতে আসা এক আসামিকে পুলিশে দিয়েছে হাইকোর্ট। আসামি করিম মিয়ার জামিনের আবেদন খারিজ করে দিয়ে গতকাল বুধবার বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি কে এম জাহিদ সারওয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালত থেকেই করিম মিয়াকে শাহবাগ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) মো. মনিরুল ইসলাম। জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. আমজাদ হোসেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০২০ সালের ১৪ ফেব্রুয়ারি ভোরে রংপুর-বগুড়া মহাসড়কে বড় ঈদগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে টহলের সময় লালমনিরহাট থেকে ঢাকাগামী বাঁশবোঝাই একটি ট্রাক থামায় হাইওয়ে পুলিশ। জিজ্ঞাসাবাদে ট্রাকের ড্রাইভার মো. আজিম উদ্দিন ও তার সহযোগী মোতালেব জানান, প্রধানমন্ত্রীর বাসভবনে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে সাজসজ্জার জন্য এসব বাঁশ নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহর সিল-স্বাক্ষর দেওয়া একটি চিঠি দেখায়। জিজ্ঞাসাবাদে তারা জানান, ট্রাকের মালিক করিম মিয়া এই চিঠি তাদের দিয়েছেন। সন্দেহ হলে বাঁশভর্তি ট্রাক ও চিঠি জব্দ করে দায়িত্বরত পুলিশ সদস্যরা হাইওয়ে পুলিশ ও বগুড়ার শীর্ষ পুলিশ কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন। পুলিশ কর্মকর্তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে যোগাযোগ করে জানতে পারেন প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। সহকারী সামরিক সচিব মো. সাইফ উল্লাহ জানান এই স্বাক্ষর ও সিল তার নয়। সিল স্বাক্ষর জাল করার কথা স্বীকার করলে করিম মিয়াসহ তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করে পুলিশ। ডিএজি মনিরুল ইসলাম বলেন, ‘দুই আসামি গ্রেপ্তার হলেও করিম মিয়া পলাতক ছিলেন। আগাম জামিনের আবেদনের পর আজ (গতকাল) জামিন চাইতে এলে হাইকোর্ট জামিন না দিয়ে পুলিশে সোপর্দ করলে তাকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত