সংগীত ক্যারিয়ার অল্প দিনের হলেও মঈনুল আহসান নোবেলের ঝুলিতে বিতর্ক কম নয়। তার সঙ্গে তোলা ছবি ফেইসবুকে শেয়ার বুধবার রাতে আসিফ আকবর বললেন ‘রিস্ক জেনেও’ পক্ষ নিচ্ছেন।
আসিফ লেখেন, “এই ছেলেটা আনপ্রেডিক্টেবল। ও কখন কী করে বসে জানি না। ভালো গার্ডিয়ানশীপ হয়তো এখন পেয়েছে। সাউন্ডটেক নোবেলের গান প্রডিউস করছে, আমি খুশি। নোবেলের নাট আর বল্টুর সমন্বয়টা আদৌ হবে কি-না জানি না। এখন এই মুহূর্তে তাকে বাধ্য হয়েই ভালোবাসি, কারণ ছেলেটা কণ্ঠ ছেড়ে গায়।”
নোবেলের গায়কি নিয়ে আরও কথা আছে, “নোবেলের কণ্ঠে নিজের পুরনো দম খুঁজি। ওর তেজস্বী কণ্ঠ শুনতে ভালো লাগে। যা গায় দম নিয়ে গায়। মেশিন মুশিনের কাহিনি নাই। দোয়া করি নোবেল যেন অনেক বাংলা মৌলিক গান গাওয়ার সুযোগ পায়।”
এর পর আসিফ বলেন, “রিস্ক জেনেও নোবেলের পক্ষ নিচ্ছি শুধুমাত্র তার তেজস্বী গায়কির জন্য। নোবেলের কণ্ঠ আমাদের সম্পদ। এইবার ঠান্ডা মাথায় চলবে, এই কথা দিয়েছে আমায়। আমরা কিছু বেয়াড়া দোয়া করি তোমার জন্য নোবেল, শুধু গান গেয়ে যাও... ভালোবাসা অবিরাম...।”
ভারতীয় চ্যানেল জি বাংলার রিয়্যালিটি শো’তে অংশ নিয়ে জনপ্রিয়তা পান নোবেল। ওই সময় বিখ্যাত গানের কাভার করে তিনি। এর মধ্যে আছে আসিফের হিট গান ‘এখনো মাঝে মাঝে’।
গত বছর ‘তামাশা’ নামের সিঙ্গেল গেয়ে বিতর্কিত মন্তব্যের কারণেই ইউটিউবে ডিজলাইকের রেকর্ড গড়েন। এর পর আরও দুটি গান প্রকাশ করেছেন। সাউন্ডটেকের এ গায়কের পরপর গান আসতে যাচ্ছে। কণ্ঠ দিয়েছেনও সিনেমায়।
