দক্ষিণ আফ্রিকার বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে শুরুটা মোটেও ভালো ছিল না পাকিস্তানের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেওয়া দলটা ২২ রানে ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। সেখান থেকে দলকে উদ্ধার করেছেন অধিনায়ক বাবর আজম ও ফাওয়াদ আলম।
বৃহস্পতিবার শুরু হওয়া টেস্টের প্রথম দিন শেষে পাকিস্তানের স্কোর ৩ উইকেট ১৪৫। বৃষ্টির কারণে দিনের খেলা হতে পেরেছে ৫৮ ওভার।
বাবর ৭৭ ও ফাওয়াদ ৪২ রানে অপরাজিত আছেন। চতুর্থ উইকেটে এখন পর্যন্ত ১২৩ রান যোগ করেছেন দুজন।
নতুন বলে প্রোটিয়া স্পিনার কেশভ মহারাজ বেশ ভুগিয়েছেন স্বাগতিক ব্যাটারদের। ওপেনার ইমরান বাট (১৫) ও আজহার আলিকে (০) ফিরিয়ে দেন তিনি। মাঝে আবিদ আলিকে (৬) তুলে নেন আরনিক নরকিয়া।
প্রথম সেশন শেষে পাকিস্তানের স্কোর ছিল ৬৩/৩। দ্বিতীয় সেশন পুরোটা নিজেদের করেন বাবর ও ফাওয়াদ। তবে চা বিরতির পর বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। তৃতীয় ও শেষ সেশন পুরোটাই যায় বৃষ্টির পেটে।
প্রথম টেস্ট ৭ উইকেটে জিতে দুই ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে আছে পাকিস্তান।
