সবার আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। জুনে লর্ডসের মাঠে প্রথমবারের মত আয়োজিত আসরটির ফাইনাল খেলবে তারা। যে ম্যাচ জিতে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল হারের বেদনায় প্রলেপ দিতে চায় দলটি। নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টিড এমন মন্তব্য করেছেন।
করোনা সংক্রমণের আশঙ্কায় অস্ট্রেলিয়া এই সপ্তাহে দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। তাতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত হয়ে গেছে কিউইদের। ১৮ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।
লর্ডস বরাবরই ব্ল্যাক ক্যাপদের হতাশা উপহার দিয়েছে। ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও এখানে দুঃখজনক পরাজয়ের শিকার হয়েছে দলটি। সুপার ওভারের নাটকীয়তায় হেরে গিয়ে শিরোপা ইংল্যান্ডের কাছে বিসর্জন দিয়ে আসে তারা।
সব ফরম্যাট মিলে লর্ডসে এ পর্যন্ত ২৩টি ম্যাচ খেলে মাত্র একটিতে জয়ী হয়েছে নিউজিল্যান্ড। তারা এখানে শুধুমাত্র একটি টেস্টে জয় পেয়েছে। তবে আইসিসি নতুন টুর্নামেন্টে কিউইদের শিরোপা জয়ের পথকে অতীত ইতিহাস বাধাগ্রস্ত করতে পারবে না বলে মনে করেন স্টিড।
সাংবাদিকদের তিনি বলেন, ‘২০১৯ সালে যা ঘটেছে সেটি এখন অতীত। আমরা সেটা পরিবর্তন করতে পারব না। এখন আমাদের সামনে যেটি আসছে, সেটির দিকেই এগিয়ে যেতে হবে। আমি মনে করি ছেলেরা যথেষ্ট পেশাদার। সাফল্য অর্জনে তারা যথেষ্ট দক্ষও বটে।’
ফাইনালে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ কারা হচ্ছে সেটি এখনো চূড়ান্ত হয়নি। আইসিসির কোয়ালিফিকেশন নিয়মানুযায়ী ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মধ্যে যে কোন একটি দলের ফাইনালে খেলার সম্ভাবনা রয়েছে।
প্রতিপক্ষ হিসেবে কোন দলটিকে নিজের পছন্দ, সে বিষয়ে মন্তব্য করতে রাজি হননি স্টেড। বলেন ‘এদের যে কোন একটি দলকে প্রতিপক্ষ হিসেবে পাওয়াটাকেই আমি দারুণ মনে করছি।’
