টি-টেনে মোসাদ্দেকের ঝোড়ো ইনিংস

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১০:৪৩ পিএম

টি-টেন ক্রিকেটে বৃহস্পতিবার ব্যাট হাতে ঝড় তুলেছিলেন বাংলাদেশের মোসাদ্দেক হোসেন সৈকত।

সংযুক্ত আরব আমিরাতে চলমান লিগটিতে মারাঠা অ্যারাবিয়ান্সকে নেতৃত্ব দিচ্ছেন ২৫ বছর বয়সী ক্রিকেটার। এদিন ডেকান গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে রান তাড়া করতে নেমে ২১ বলে অপরাজিত ৪৪ রানের ইনিংস খেলেন মোসাদ্দেক। হাঁকান ৩টি করে চার ও ছক্কা।

তবে এমন ইনিংসের পরও হারের তেতো স্বাদ পেতে হয়েছে মোসাদ্দেককে। তার দল ম্যাচটা হেরেছে ২৯ রানে।

১২০ রানের লক্ষ্যে খেলতে ৩ উইকেটে ৯১ রানে থামে মারাঠা অ্যারাবিয়ান্সের ইনিংস। টস হেরে আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে সর্বোচ্চ রান করেন আনোয়ার আলী। ১২ বলে ৬ চার ও ২ ছক্কায় ৩৯ রান করেন তিনি। এ ছাড়া প্রশান্ত গুপ্তার ১৬ বলে ৩৫ ও ইয়াসির কালিমের ১৬ বলে ২৮ রানের ইনিংসে বড় সংগ্রহ প্রায় গ্ল্যাডিয়েটর্স।

মারাঠার হয়ে দুর্দান্ত বোলিং করেন বাংলাদেশের সোহাগ গাজী। এই অফ স্পিনার ২ ওভারে কেবল ১৫ রান দিয়ে নেন এক উইকেট। আরেক বাংলাদেশি ক্রিকেটার মুক্তার আলী ১ ওভারে ১৭ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।

এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টি জয় পেয়েছে মোসাদ্দেক, সোহাগ গাজী, মুক্তার আলীদের মারাঠা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত