চার দেশের মধ্যে রপ্তানি বাড়াতে কৌশল প্রণয়নের উদ্যোগ

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪০ পিএম

বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার নিজ নিজ শিল্প থেকে কাঁচামাল, কৌশল ও দক্ষতা নিয়ে রিজিওনাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভ (আরভিসিআই) একটি কৌশল প্রণয়ন করবে বলে বিসিআইএম বিজনেস কাউন্সিল সভায় জানানো হয়। এ কৌশলের বাংলাদেশের প্রতিযোগিতামূলক উৎপাদন বৃদ্ধি পাবে বলে মনে করছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম।

তিনি জানান, বাংলাদেশের সম্পদ, দক্ষতা ও কৌশল আদান-প্রদানের ভিত্তিতে এ দেশের পণ্য বিসিআইএম সদস্য দেশগুলোসহ বহির্বিশ্বে রপ্তানি করা সম্ভব হবে। বিসিআইএম বিজনেস কাউন্সিলের ইউনান অফিস গতকাল বৃহস্পতিবার ভার্চুয়ালি এ সভার আয়োজন করে।

এ সভায় কভিড-১৯ পরিস্থিতিতে বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার উপ-অঞ্চলের বাণিজ্য ও লজিস্টিক সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এফবিসিসিআইয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় অংশগ্রহণকারীরা বিসিআইএমের ২০২০ সালের প্রধান প্রধান কার্যক্রমের মূল বিষয়বস্তু তুলে ধরেন এবং ২০২১ সালে কাউন্সিলের প্রকল্পগুলোর প্রমোশনের বিষয়ে আলোকপাত করেন।

সভায় এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম রিজিওনাল ভ্যালু চেইন ইনিশিয়েটিভ (আরভিসিআই) শিল্পগুলোর খাতভিত্তিক ইকোসিস্টেমকে টার্গেট করার ওপর গুরুত্বারোপ করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জ্বালানি, মাল্টি-মডেল ট্রান্সপোর্টেশন, যৌথ বীজ উন্নয়ন, কৃষি যান্ত্রিকীকরণ, যান্ত্রিকীকরণ উপকরণসমূহ, অ্যাগ্রো ফুড প্রসেসিং, স্টার্টআপ ইকোসিস্টেম, হেলথ টেক, ফিন টেক, এডু টেক, নির্মাণ, জাহাজ নির্মাণ, বস্ত্র, পাট, টেকসই ভোগ্যপণ্য, লজিস্টিক সেবা সহায়তা, হালকা প্রকৌশল, সফটওয়্যার, হার্ডওয়্যার, সাইবার নিরাপত্তা সরঞ্জাম, হসপিটালিটি প্রভৃতি এ যৌথ উদ্যোগের সম্ভাব্য ক্ষেত্র বলে মনে করেন ফজলে ফাহিম।

চায়না চেম্বার্স অব ইন্টারন্যাশনাল কমার্সের উপমহাপরিচালক (সহায়তা ও উন্নয়ন) উ মেং সভায় সভাপতিত্ব করেন। চায়না চেম্বার্স অব ইন্টারন্যাশনাল কমার্স, কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই), রিপাবলিক অব দ্য ইউনিয়ন অব মিয়ানমার ফেডারেশন অব চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউএমএফসিসিআই) সভায় আয়োজকের ভূমিকা পালন করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত