উৎপাদনশীলতা পুরস্কার পাচ্ছে ৩১ প্রতিষ্ঠান

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪২ পিএম

উৎপাদনশীলতা বৃদ্ধি ও গুণগত মানসম্পন্ন পণ্য তৈরিতে শ্রেষ্ঠত্বের স্বীকৃতিস্বরূপ এবার ৩১ প্রতিষ্ঠান পাচ্ছে জাতীয় উৎপাদনশীলতা পুরস্কার। ২০১৯ সালের জন্য বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, অতিক্ষুদ্র ও রাষ্ট্রায়ত্ত শিল্প শ্রেণিতে দেওয়া হবে এই পুরস্কার। পাশাপাশি উৎপাদনশীলতা কার্যক্রমে বলিষ্ঠ ভূমিকা পালনের স্বীকৃতিস্বরূপ দুটি প্রতিষ্ঠানকে দেওয়া হচ্ছে ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন ক্রেস্ট।

শিল্প মন্ত্রণালয় এ বিষয়ে গত ১ ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপন অনুযায়ী পুরস্কারটির আনুষ্ঠানিক নাম ‘ন্যাশনাল প্রোডাকটিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ বা ‘জাতীয় উৎপাদনশীলতা ও মান উৎকর্ষ পুরস্কার’। ২০১২ সাল থেকে পুরস্কারটি দেওয়া হচ্ছে। চলতি মাসেই অনুষ্ঠান আয়োজন করে এই পুরস্কার দিতে চায় শিল্প মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে দেখা যায়, পুরস্কারের জন্য মনোনীত ৩১ প্রতিষ্ঠানের মধ্যে প্রাণ-আরএফএল গ্রুপেরই ১০টি প্রতিষ্ঠান।

বৃহৎ শিল্প : এই শ্রেণির ইস্পাত ও প্রকৌশল উপখাতে প্রথম পুরস্কার পাচ্ছে বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড। এ ছাড়া আরএফএল ইলেকট্রনিকস দ্বিতীয় ও রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ তৃতীয় পুরস্কার পাচ্ছে। তিনটিই প্রাণ-আরএফএল গ্রুপের প্রতিষ্ঠান।

খাদ্য শিল্প উপখাতে প্রথম ইস্পাহানি টি ও দ্বিতীয় নাটোর অ্যাগ্রো। বস্ত্র ও তৈরি পোশাক উপখাতে প্রথম প্লামি ফ্যাশনস, দ্বিতীয় ইউনিভার্সেল জিনস ও তৃতীয় জেনেসিস ফ্যাশনস লিমিটেড। প্লাস্টিক শিল্পে প্রথম আরএফএল প্লাস্টিক ও দ্বিতীয় ডিউরেবল প্লাস্টিক। পাট শিল্পে প্রথম আকিজ জুট মিলস ও দ্বিতীয় আইহান জুট মিলস। সেবা খাতে প্রথম ওয়ান ব্যাংক ও দ্বিতীয় সোনার বাংলা ইন্স্যুরেন্স কোম্পানি। সেবা, প্লাস্টিক ও পাটে তৃতীয় পুরস্কার দেওয়া হচ্ছে না। তথ্যপ্রযুক্তি (আইটি) খাতে প্রথম ব্রেইন স্টেশন ২৩ লিমিটেড ও ফার্নিচারে প্রথম হাতিল কমপ্লেক্স। এ দুটিতে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার নেই।

মাঝারি শিল্প : এই শ্রেণিতে ইস্পাত ও প্রকৌশল উপখাতে প্রথম ও একমাত্র পুরস্কার পাচ্ছে গেট ওয়েল লিমিটেড। খাদ্য শিল্পে নর্দার্ন ফ্লাওয়ার মিলস প্রথম ও রোমানিয়া ফুড অ্যান্ড বেভারেজেস দ্বিতীয়। বস্ত্র ও পোশাক খাতে কনসেপ্ট নিটিং প্রথম ও একমাত্র। প্লাস্টিকে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল প্রথম ও একমাত্র। অন্যান্য খাতে প্যাকমেট ইন্ডাস্ট্রিজ প্রথম, বসুমতি ডিস্ট্রিবিউশন দ্বিতীয় এবং কিউএনএস শিপিং তৃতীয় পুরস্কার পাচ্ছে।

ক্ষুদ্র শিল্প : এই শ্রেণির ক্ষুদ্র শিল্প উপখাতে এস আর হ্যান্ডিক্র্যাফটস প্রথম ও আরএফএলের রংপুর ফাউন্ড্রি দ্বিতীয় স্থানে রয়েছে।

অতিক্ষুদ্র শিল্প : অতিক্ষুদ্র শ্রেণিতে মাসকো ডেইরি প্রথম ও জনতা ইঞ্জিনিয়ারিং দ্বিতীয় পুরস্কার পাচ্ছে।

রাষ্ট্রায়ত্ত শিল্প : এই শ্রেণিতে গাজী ওয়্যারস লিমিটেড প্রথম, কেরু অ্যান্ড কোম্পানি দ্বিতীয় এবং প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট তৃতীয় পুরস্কার পাচ্ছে।

ইনস্টিটিউশনাল অ্যাপ্রিসিয়েশন : এই শ্রেণিতে যৌথভাবে প্রথম পুরস্কার পাচ্ছে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন (বিইএফ) ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত