ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, ‘দক্ষিণ সিটি করপোরেশনের খেলার মাঠগুলোয় আর কোরবানির পশুর হাট বসবে না। খেলার মাঠ শুধু খেলার জন্যই উন্মুক্ত থাকবে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের মেয়র মোহাম্মদ হানিফ মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ‘আন্তঃওয়ার্ড ক্রীড়া প্রতিযোগিতা-১৪২৭’ উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মেয়র তাপস বলেন, ‘এসব মাঠ শুধু শিশু, কিশোর, তরুণসহ সব বয়সীদের খেলার জন্য ব্যবহার করা হবে। বয়স্করা যাতে মাঠে হাঁটাহাঁটি করতে পারেন, এখন থেকে তেমন কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘অনেক মাঠ দখল হয়ে গেছে, সংকুচিত হয়ে গেছে। পর্যায়ক্রমে সেগুলো উদ্ধার করা হবে। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করার পরিকল্পনা নিয়েই আমাদের কর্মপরিকল্পনা তৈরি করছি। আমাদের ইচ্ছা আছে, প্রতিটি ওয়ার্ডে যাতে একটি করে খেলার মাঠ প্রতিষ্ঠা করা যায়।’
