জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কটূক্তির মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দুই বছরের কারাদণ্ডের রায়ের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেছেন, ‘দেশ-বিদেশে সরকারের অপশাসন, কুশাসন আজ আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচার হচ্ছে। এসব আড়াল করতে সরকারের নির্দেশে তারেক রহমানের বিরুদ্ধে আদালত একটি ফরমায়েশি রায় দিয়েছে।’ গতকাল বৃহস্পতিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ অভিযোগ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ‘নড়াইলের আদালতে অসত্য, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত একটি মানহানির মামলায় তারেক রহমানকে সাজা দেওয়ার মতো ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। আদালত ফরমায়েশি যে রায় দিয়েছে তা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সত্য উচ্চারণের কারণে মানহানি মামলায় এ ধরনের রায় নজিরবিহীন।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় পরিষ্কারভাবে বোঝা যায় যে আইন-আদালত সরকারের হাতের মুঠোয়। মূলত নানা অপকীর্তির কারণে বর্তমানে দেশ-বিদেশে এ সরকারের ভাবমূর্তি চরমভাবে বিনষ্ট। এ কারণে সরকার বেপরোয়া ও উন্মাদ হয়ে জনদৃষ্টিকে ভিন্ন খাতে নিতে একতরফা বিচারিক প্রক্রিয়া চালিয়ে তারেক রহমানের বিরুদ্ধে প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে। তারেক রহমানের বিরুদ্ধে নড়াইলের আদালতের রায় কুটিল মাস্টারপ্ল্যানেরই অংশ।’
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে মানুষের বাক-ব্যক্তিস্বাধীনতা কেড়ে নিয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, ‘কণ্ঠরোধ করা হয়েছে গণমাধ্যমেরও। কেউ সত্য উচ্চারণ করলেই তার ওপর নেমে আসে নির্মম নির্যাতন ও মিথ্যা মামলার খড়গ। এ মামলাটিও এর ব্যতিক্রম নয়। সরকারের ভয়াবহ নির্যাতন ও নিপীড়নে শুধু গণমাধ্যম নয়, গোটা জাতি এখন সেলফ সেন্সরশিপে ভুগছে।’
তিনি আরও বলেন, ‘এরই মধ্যে সরকারের কিছু অপকর্ম বিদেশি গণমাধ্যমে প্রকাশিত হলে সেটির উপযুক্ত ব্যাখ্যা না দিয়ে বরং তারেক রহমানকে সামনে আনা হয়েছে তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা দিয়ে। বর্তমান বাংলাদেশে মামলা ও আদালতের রায় সরকারের ইচ্ছাতেই নির্দেশিত হয়। তারেক রহমানের বিরুদ্ধে মানহানির মামলার এ নজিরবিহীন রায়ও বর্তমান সরকারপ্রধানের ইচ্ছারই প্রতিফলন। বিএনপি এ রায় প্রত্যাখ্যান করছে এবং অবিলম্বে এ রায় প্রত্যাহারের জোর আহ্বান জানাচ্ছে।’
রাজধানীতে ছাত্রদলের তাৎক্ষণিক বিক্ষোভ-সমাবেশ : নড়াইলের আদালতে তারেক রহমানকে দুই বছরের সাজার প্রতিবাদে রাজধানীতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে কাকরাইল ও নাইটিঙ্গেল মোড় প্রদক্ষিণ শেষে ফের নয়াপল্টনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে নেতাকর্মীরা তারেক রহমানের বিরুদ্ধে সাজা ও মামলা প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
মিছিলে রিজভী ছাড়াও ছাত্রদল সভাপতি ফজলুর রহমান খোকন, জ্যেষ্ঠ সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাধারণ সস্পাদক ইকবাল হোসেন শ্যামল, সহসভাপতি ওমর ফারুক কাওছার, পার্থ দেব মন্ডল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, তানজিল হাসান, সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিব, যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান এবং যুবদল নেতা গোলাম মওলা শাহিনসহ কয়েকশ নেতাকর্মী অংশ নেন।
