ফাল্গুন ও ভ্যালেনটাইন ডে সমাগত। ঘুরেফিরে আনন্দ করে হয়তো কাটাতে পারবেন না এ বছরের বসন্ত। ভিড় এড়িয়ে কাছেপিঠে কোথাও যেতে হবে বন্ধু-পরিজনদের সঙ্গে। অথবা বাড়িতেই ডাকতে হবে কাছের মানুষদের। বাড়িতে থাকলে জমকালো সাজ পছন্দ করেন না অনেকেই। তার মানে এই নয় যে মেকআপ করবেন না। ঠিকঠাক টিপস মেনে চললে, হালকা সাজেও হয়ে উঠতে পারেন অনন্যা। জানালেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
ত্বকের ধরন অনুযায়ী প্রথমে মুখ পরিষ্কার করে টোনার ও ময়েশ্চারাইজার লাগিয়ে তারপর মেকআপ শুরু করুন। পারলে স্ক্রাবিং করে নিতে পারেন। এতে মেকআপ ভালোভাবে বসবে। মুখের মাঝের অংশে ফাউন্ডেশন লাগিয়ে ধীরে ধীরে তা বাইরের দিকে ব্লেন্ড করুন। এতে মেকআপ ন্যাচারাল দেখাবে। ডার্ক সার্কল বা দাগছোপ ঢাকতে হালকা শেডের কনসিলার নির্দিষ্ট অংশে লাগিয়ে ব্লেন্ড করে নিন। যতক্ষণ না কনসিলার ও ফাউন্ডেশন ত্বকের সঙ্গে একেবারে মিশে যাচ্ছে, ততক্ষণ ধৈর্য ধরে ব্লেন্ড করে পাউডারের সাহায্যে বেস মেকআপ সেট করে নিন। চোখের মেকআপ যেমনই হোক না কেন, আই-ব্রো শেপ করা আবশ্যক। যদি হালকা মেকআপ করতে চান, সেক্ষেত্রে আইলিডে কোনো একরঙা নিউট্রাল শিমার শেড বা গাঢ় ম্যাট শেড ব্লেন্ড করে লাইনার পরতে পারেন। নিচের পাতায় যে কোনো রঙের কাজল লাগিয়ে মাশকারা ব্যবহার করুন। মাঝামাঝি থাকতে চাইলে নিচের পাতায় মোটা করে কাজল লাগান। আঙুলের সাহায্যে হালকা স্মাজ করে নিলে আরও ভালো দেখাবে। গালে, কপালে এবং থুঁতনিতে সামান্য হাইলাইটার পাউডার ব্লেন্ড করতে পারেন। হালকা গোলাপি, পিচ বা কোরাল ব্লাশ ভালো লাগবে।
লিপস্টিকের শেড বাছার সময়ও মাথায় রাখুন বাকি মেকআপ এবং পোশাকের রঙের কথা। যতখানি জমকালো সাজ চান, সেই অনুযায়ী লিপস্টিকের শেডের গাঢ়ত্ব ঠিক করে নিন। আই মেকআপে গাঢ় রঙের ব্যবহার থাকলে, নুড লিপস্টিক মেকআপ লুকে ব্যালান্স আনবে।
তবে সাজ মানে তো শুধু মেকআপ নয়। খেয়াল রাখুন আনুষঙ্গিক দিকগুলোর প্রতিও। চুলের কথা ভুলবেন না। খোলা চুলে সৌন্দর্য বাড়বে। চুল খোলা রেখে কানের একপাশে ফুল পরতে পারেন। আবার মাখায় ফুলের হেয়ার ব্যান্ড পরতে পারেন। চাইলে কোনো ট্রেন্ডি আপ-ডু করে কাঁটা বা অন্য কোনো হেয়ার অ্যাকসেসরি লাগিয়ে নিন। দেখবেন লুকটাই অনেকখানি পালটে গিয়েছে।
