বারিধারাতেও ধরা মোহামেডান

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ১২:৫৫ এএম

টানা চার ম্যাচ জয়বঞ্চিত থেকে গতকাল টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে উত্তর বারিধারার মুখোমুখি হয়েছিল মোহামেডান। এই ম্যাচেও সাদা-কালোদের ভাগ্য বদলায়নি। ১-১ ড্র করে কোনোমতে হার এড়িয়েছেন ইংলিশ কোচ শন লিনের শিষ্যরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের অপর ম্যাচে আবাহনী হেসে খেলে মুক্তিযোদ্ধাকে হারিয়েছে ৪-১ ব্যবধানে। টানা দু’ম্যাচ ড্র করার পর ছয়বারের শিরোপাধারীদের জন্য কালকের জয়টা এসেছে স্বস্তি নিয়ে।

আরামবাগকে ৩-০তে হারিয়ে লিগ শুরু করা মোহামেডান সাইফের কাছে হারে পরের ম্যাচে। এরপর টানা দু’ম্যাচ ড্র করেছে শেখ রাসেল ও আবাহনীর সঙ্গে। কিংসের কাছে আগের ম্যাচে তারা ৪-১-এ নাস্তানাবুদ হয়। আর কাল বারিধারায়ও ধরা পড়ল সাদা-কালোরা। ছয় ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে মোহামেডান রয়েছে অষ্টম স্থানে। আর বারিধারা পাঁচ ম্যাচে দুই ড্রয়ে ২ পয়েন্ট নিয়ে আছে ১১-তে।

১৮ মিনিটে এগিয়ে যায় বারিধারা। ডি-বক্সের ভেতরে উজবেক ফরোয়ার্ড সাইদোস্তন ফজিলভ ফাউলের শিকার হলে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন তার স্বদেশি ইভগেনি কোচনেভ। প্রথমার্ধের অতিরিক্ত সময় পেনাল্টি থেকেই সমতায় ফেরে মোহামেডান। জাপানিজ অধিনায়ক উরু নাগাতার শট বক্সের ভেতরে বারিধারা ডিফেন্ডার পাপন সিংয়ের হাতে লাগলে বেজে ওঠে পেনাল্টির বাঁশি। মালির ফরোয়ার্ড সোলেমান দিয়াবাতে গোল করতে ভুল করেননি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আবাহনী প্রাধান্য বিস্তার করে হারিয়েছে মুক্তিযোদ্ধাকে। ছয় ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তারা চার থেকে উঠে এসেছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে। যদিও সমান ম্যাচে শীর্ষে থাকা কিংসের চেয়ে তারা পিছিয়ে পুরো ৪ পয়েন্টে। অন্যদিকে দশে থাকা মুক্তিযোদ্ধার সংগ্রহ পাঁচ ম্যাচে ৩। ম্যাচের ১৪ মিনিটে মাসিহ সাইঘানির গোলে এগিয়ে যায় আবাহনী। ওয়ালি ফয়সালের ফ্রি-কিক জটলা থেকে ফিরলে হেড করে ব্রাজিলিয়ান ফ্রান্সিসকো তোরেসকে বাড়ান আরেক ব্রাজিলিয়ান রাফায়েল আগুস্তো। তাতে তোরেসের ভলি মুক্তি কিপার প্রীতম ফেরালেও বল পেয়ে জুয়েল রানা কাট ব্যাক দেন মাসিহ সাইঘানিকে। এই আফগান সুযোগ বুঝে কোনাকুনি শটে বল জালে জড়ান। যোগ করা সময়ে ২৫ গজ দূর থেকে সোহেল রানার বাঁ পায়ের গড়ানো শট আচমকা জালে জড়ালে লিড দ্বিগুণ হয় আবাহনীর। দ্বিতীয়ার্ধে শুরুতেই ফের গোল করেন সাইঘানি। রায়হান হাসানের লম্বা থ্রো-ইনে এই আফগানের হেড রুখতে পারেননি মুক্তি কিপার প্রীতম। ৬৬ মিনিটে সারওয়ার জাহান নিপুর হেডে ব্যবধান কমায় মুক্তিযোদ্ধা। সতীর্থের লম্বা থ্রো-ইনে ক্যামেরুনের ক্রিস্টিয়ান ব্যাকামেঙ্গার হেড ক্রসবারে লেগে ফিরলে নিপু ফিরতি বলে হেড করে জালে জড়ান। তবে ১০ মিনিট পর স্কোরলাইন ৪-১ করেন আবাহনীর বদলি ফরোয়ার্ড দীপক রায়। আগুস্তোর ক্রস মুক্তি কিপার প্রীতমের গ্লাভস ফসকালে কোনাকুনি শটে বল দূরের পোস্টে জমা দিয়ে আকাশি-হলুদ জার্সিতে প্রথম গোলের খাতা খোলেন দীপক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত