কলকাতায় তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এ উৎসব চলবে ৫ থেকে ৯ ফেব্রুয়ারি। গতকাল শুক্রবার কলকাতার নন্দন সিনেমা হলে উৎসবের উদ্বোধন করেন তিনি। এ সময় তথ্যমন্ত্রী বলেন, কলকাতায় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব দুই বাংলার নৈকট্য গভীর করতে আরও অবদান রাখবে। গতকাল তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিজ্ঞান ও জৈব প্রযুক্তিমন্ত্রী এবং নাট্যব্যক্তিত্ব ব্রাত্য বসু, ভারতে বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ ইমরান, চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার তৌফিক হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাইমুম সারোয়ার কমল, বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন, কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের প্রথম সচিব (প্রেস) মোফাখখারুল ইকবাল, অভিনেত্রী জয়া আহসান, পরিচালক সৃজিত মুখার্জী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় ‘হাসিনা : আ ডটারস টেল’।
গতকাল দুপুরে কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে তথ্য মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে আয়োজিত দুই দেশের ২৬ চিত্রশিল্পীর ৬০টি চিত্রকর্মের প্রদর্শনী উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বাংলাদেশের চিত্রশিল্পীদের মধ্যে কিরীটি রঞ্জন বিশ্বাস ও জাকির হোসেন, তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র অধি শাখার যুগ্ম সচিব নজরুল ইসলাম, উপসচিব সাইফুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
