অভ্যুত্থান প্রত্যাখ্যান করে শপথ নিলেন সু চির দলের ৭০ এমপি

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২১, ০১:৫২ এএম

মিয়ানমারে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত অং সান সু চি’র দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) ৭০ এমপি শপথ নিয়েছেন। সেনাবাহিনী দেশটির পার্লামেন্ট বাতিলের তিন দিনের মাথায় গত বৃহস্পতিবার অনানুষ্ঠানিকভাবে তারা ওই শপথ নিয়েছেন বলে জানিয়েছে এএফপি।

অনানুষ্ঠানিক এই শপথ রাজধানী নেপিদোর একটি সরকারি গেস্ট হাউজে আয়োজন করা হয়। স্বাভাবিক সময়ে পার্লামেন্ট অধিবেশনকালে এমপিরা এখানে অবস্থান করেন। গত বুধবার পর্যন্ত অন্তত ৪০০ এমপি অবস্থান করছিলেন। এদের বেশিরভাগই ছিলেন এনএলডির। তবে বুধবার ক্ষমতা গ্রহণকারী সেনাবাহিনীর পক্ষ থেকে ২৪ ঘণ্টার মধ্যে সেখান থেকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় এমপিদের। তবে ৭০ জন এমপি থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন। সংখ্যায় কম হওয়ায় সেনা কর্র্তৃপক্ষ শনিবার পর্যন্ত তাদের থাকার অনুমতি দিয়েছে। এই সুযোগে বৃহস্পতিবার থেকে যাওয়া এমপিরা একত্রিত হয়ে অভ্যুত্থানকে প্রত্যাখ্যান করে নিজেরাই শপথ নেন।

এনএলডির এমপি ডাউ ফাইয়ু ফাইয়ু বৃহস্পতিবারের এই আয়োজনকে পার্লামেন্ট অব্যাহত রাখা হিসেবে অভিহিত করেছেন। তার মধ্যে এমপিরা যেখানে উপস্থিত আছেন সেখানে স্থান কোনো বিষয় নয়। তিনি বলেন, জনগণের অনুমোদিত এমপি মর্যাদা আমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আমরা মানুষের এমপি হিসেবে শপথ নিয়েছি। তিনি আরও জানান, যেসব এমপি বাড়িতে চলে গেছেন তারাও শিগগিরই শপথ নেবেন।

অভ্যুত্থানের বিরোধিতা করে বৃহস্পতিবার সন্ধ্যায় অনেকেই হাততালি দিয়ে এই শপথ গ্রহণকে স্বাগত জানান। নভেম্বরের  নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় এনএলডি। তবে নির্বাচনে জালিয়াতির অভিযোগে সোমবার দেশটির ক্ষমতা গ্রহণ করে সেনাবাহিনী। গ্রেপ্তার করা হয় সু চি ও দেশটির প্রেসিডেন্টকে। ধীরে ধীরে সামরিক জান্তার বিরুদ্ধে সবাই সোচ্চার হচ্ছে। আগের মতো এবার শাসন করা সেনাবাহিনীর জন্য সহজ নাও হতে পারে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, মিয়ানমার সেনাবাহিনীর উচিত ক্ষমতা ছাড়া এবং অভ্যুত্থানে আটক বন্দিদের মুক্তি দেওয়া। ক্ষমতা গ্রহণের পর বৃহস্পতিবার প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বক্তব্যে তিনি এই আহ্বান জানান। গণতন্ত্রে গ্রহণযোগ্য নির্বাচনের ফল মুছে দেওয়া কিংবা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো শক্তির যাওয়া উচিত নয়, এটি নিয়ে কোনো সন্দেহের অবকাশ থাকার সুযোগ নেই।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত