ওটিটি বা ওয়েব প্ল্যাটফর্মগুলো আয়ের নতুন দরজা খুলে দিয়েছে। আগে ছবির আয়ের মূল উৎস ছিল সিনেমা হল ও টেলিভিশন স্বত্ব। এখন যুক্ত হয়েছে ওটিটি। এই প্ল্যাটফর্ম থেকেও মোটা অঙ্কের টাকা আয় করা যাচ্ছে সিনেমা দিয়ে। আলিয়া ভাটের সিনেমা ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’ ছবিটির কথাই ধরুন। বলিউডের অনেক তারকা ওয়েবে কাজ করলেও আলিয়াকে এখনো দেখা যায়নি। তাই মুক্তির আগেই ছবিটি বিক্রি হলো মোটা অঙ্কের বিনিময়ে। ভারতীয় গণমাধ্যম বলছে, এই ছবির ওটিটি স্বত্ব বিক্রি করার চুক্তি হয়েছে ৭০ কোটি রুপিতে। তবে কোন ওটিটিতে দেখানো হবে, তা জানা যায়নি। ছবি মুক্তি পাওয়ার পর ছবির সফলতার ওপর নির্ভর করে ওটিটিতে স্বত্ব বিক্রির বিষয়টি। কিন্তু ছবি মুক্তির আগেই এত দামে ছবির ওটিটি স্বত্ব বিক্রিতে অনেকেই অবাক হয়েছেন। কেউ কেউ সিনেমার জন্য বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন। বলা হচ্ছে, তারকা অভিনয়শিল্পীদের অংশগ্রহণ আর বানসালির মতো পরিচালকের ছবি হওয়ায় এত চড়া দামে বিক্রি হয়েছে সিনেমাটি। ছবিটি গাঙ্গুবাই কোঠেওয়ালির জীবন থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হচ্ছে। কামাঠিপুরার যৌনপল্লীর প্রধান গাঙ্গুবাই। ছবিটিতে অতিথি চরিত্রে আছেন অজয় দেবগন, ইমরান হাশমি ও হুমা কুরেশি। সম্প্রতি ছবির শ্যুটিংয়ে ঝামেলা হয়েছিল। গাঙ্গুবাই পরিবারের এক সদস্য ছবিটির গল্প নিয়ে আপত্তি জানিয়ে এর বিরুদ্ধে মুম্বাই সিভিল কোর্টে মামলা ঠুকে দেন। সাংবাদিক হুসাইন জাইদির ‘মাফিয়া কুইনস অব মুম্বাই’ বইয়ে গাঙ্গুবাইকে নিয়ে লেখা হয়েছে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই বানানো হচ্ছে ছবিটি। আলিয়া এখন ব্যস্ত বেশ কয়েকটি সিনেমা নিয়ে। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাতে তাকে দেখা যাবে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে। আর ‘ট্রিপল আর’-এ তাকে দেখা যাবে রামচরণ ও জুনিয়র এনটিআরের সঙ্গে।
×
