চ্যাম্পিয়নশিপ পয়েন্ট চাই ডমিঙ্গোর

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ১২:৪৫ এএম

চট্টগ্রাম টেস্ট বাংলাদেশের হাতের মঠোয়। উইন্ডিজের বাকি ৭ উইকেট ২৮৫ রানের মধ্যে ফেলে দিলেই জয়। আজকের পুরো ৯০ ওভার হাতে স্বাগতিক বোলারদের। এরমধ্যে ৭ বলেই বাজিমাত। সেই জয় বাংলাদেশকে এনে দেবে টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম পয়েন্টও। গতকাল দিন শেষে কোচ রাসেল ডমিঙ্গো সেই পয়েন্ট পাওয়ার কথা বলে গেলেন।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এর আগে তিনটি টেস্ট খেলেছে। ভারতের সঙ্গে দুটি আর পাকিস্তানের সঙ্গে একটি। তিনটিতেই ইনিংস হার। সেই হতাশা কাটিয়ে গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট জিতেছিল বাংলাদেশ। কিন্তু ওই ম্যাচ দ্বিপক্ষীয় সমঝোতার, টেস্ট চ্যাম্পিয়নশিপের না। তাই পয়েন্টও পায়নি টাইগাররা। এবার সেই সুযোগ খুব ভালোভাবেই আছে। শুধু তাই না, দুই টেস্টে জিতে সিরিজের পূর্ণ ১২০ পয়েন্ট হাতছানি দিচ্ছে বাংলাদেশকে। তার মধ্যে ৬০ পয়েন্ট আজই নিশ্চিত করতে পারে স্বাগতিকরা। ডমিঙ্গোর কাছে এই ৬০ পয়েন্ট এখন অনেক গুরুত্বপূর্ণ, ‘এই পয়েন্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেটে আমরা অনেক গুরুত্ব দিতে চাইছি। আমরা উন্নতি করতে চাই। আমি জানি, ঘরের বাইরে আমাদের পারফরম্যান্স ভালো নয়। এই দলের আরও বেশি টেস্ট খেলা প্রয়োজন। টেস্ট চ্যাম্পিয়নশিপে অনেক দল ১৬-১৭টি ম্যাচ খেলে ফেলেছে, অথচ আমরা মাত্র ৩টি। এভাবে ধারাবাহিকতা ধরে রাখা কঠিন। বছরে মাত্র ৩-৪টা টেস্ট খেলা হয়। এতে যথেষ্ট উন্নতি হয় না। তবুও যতটুকু সুযোগ পাচ্ছি এর মধ্যে আশা করি উন্নতিও করব। যেমনটা এই টেস্টে হলো।’

দলে ৫ বোলার ছিলেন। কিন্তু সাকিব আল হাসান ইনজুরিতে পড়ে যাওয়ায় চারজনের অ্যাটাক এখন বাংলাদেশের। তবে একজন স্পিনার না নিয়ে আরেকজন পেসার নিলে বোলিং অ্যাটাক শক্তিশালী হতো বলে মেনে নিলেন ডমিঙ্গো। তবে উইকেটের কারণেই স্পিনার বেশি নিতে হয়েছে বলে জানান, ‘চেষ্টা করছি দলে ফাস্ট বোলারদের ভেড়ানোর। এমন উইকেটে অবশ্য কঠিন। উইন্ডিজের একাদশ দেখুন- তাদের কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিয়েলের মতো অনেক অভিজ্ঞ দুই ফাস্ট বোলার আছে। তবুও ২৩০ রানের মতো খরচ করে তারা মাত্র ২ উইকেট পেয়েছে এই পিচে। তাই এই উইকেটে ফাস্ট বোলারদের ভালো করা কঠিন। গতি নেই, বাউন্স নেই, এসব বিবেচনা করেই আমরা হোম টেস্টের একাদশে পেসারদের বিবেচনা করিনি, স্পিনার নিয়েছি।’

দ্বিতীয় টেস্টে সাকিব খেলবেন কি না সে ব্যাপারে অবশ্য কিছু বলেননি কোচ। জানালেন আরও অপেক্ষার পরই সাকিবের ভবিষ্যৎ সম্পর্কে জানা যাবে, ‘আগামী কয়েকদিনের মধ্যেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে, সে পরের টেস্টে খেলছে কি না। এখনো কিছু নিশ্চিত নয়। আমরা কিছু সময় নিচ্ছি। সাকিব না থাকলে ঢাকায় কে তার বিকল্প হবে এ নিয়ে এখনো ভাবিনি। এখন আমাদের এই টেস্টেই মনোযোগ দিতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত