সেফটি ফাউন্ডেশনের প্রতিবেদন

জানুয়ারিতেই সড়ক-রেলপথে নিহত ৪৮৪ জন

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:০৮ এএম

জানুয়ারি মাসে সারা দেশে ৪২৭টি সড়ক ও রেল দুর্ঘটনায় ৪৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৭৩ জন। গতকাল শনিবার রোড সেফটি ফাউন্ডেশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। দেশের ৭টি জাতীয় দৈনিক, ৫টি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেক্ট্রনিক গণমাধ্যমের তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি মাসে ঘটে যাওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৬৮ জন, যা মোট নিহতের ৩৪ দশমিক ৭১ শতাংশ। মোটরসাইকেল দুর্ঘটনার হার ৩৭ দশমিক ২৩ শতাংশ। দুর্ঘটনায় ১৪৬ জন পথচারী নিহত হয়েছে, যা মোট নিহতের ৩০ দশমিক ১৬ শতাংশ। যানবাহনের চালক ও সহকারী নিহত হয়েছে ৫৩ জন, অর্থাৎ ১০ দশমিক ৯৫ শতাংশ। এই একই সময়ে ৪টি নৌ-দুর্ঘটনায় ৭ জন নিহত, ৪ জন আহত এবং ৬ জন নিখোঁজ হয়েছে। ১১টি রেলপথ দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং ৬ জন আহত হয়েছে।

রোড সেফটি ফাউন্ডেশনের পর্যবেক্ষণ ও বিশ্লেষণ বলছে, দুর্ঘটনাগুলোর মধ্যে ১৫৩টি (৩৫ দশমিক ৮৩ শতাংশ) জাতীয় মহাসড়কে, ১০৭টি (২৫ দশমিক ০৫ শতাংশ) আঞ্চলিক সড়কে, ৯৭টি (২২ দশমিক ৭১ শতাংশ) গ্রামীণ সড়কে, ৫৯টি (১৩ দশমিক ৮১ শতাংশ) শহরের সড়কে এবং অন্যান্য স্থানে ১১টি (২ দশমিক ৫৭ শতাংশ) সংঘটিত হয়েছে। দুর্ঘটনাগুলোর ৮৮টি (২০ দশমিক ৬০ শতাংশ) মুখোমুখি সংঘর্ষ, ১৩৯টি (৩২ দশমিক ৫৫ শতাংশ) নিয়ন্ত্রণ হারিয়ে, ১৪৪টি (৩৩ দশমিক ৭২ শতাংশ) পথচারীকে চাপা/ধাক্কা দেওয়া, ৪৭টি (১১ শতাংশ) যানবাহনের পেছনে আঘাত করা এবং ৯টি (২ দশমিক ১০ শতাংশ) অন্যান্য কারণে ঘটেছে।

দুর্ঘটনার ক্ষেত্রে দায়ী ট্রাক-কাভার্ডভ্যান-পিকআপ ২৪ দশমিক ৭৫ শতাংশ, ট্রাক্টর-ট্রলি-লরি ৩ দশমিক ৬৫ শতাংশ, মাইক্রোবাস-প্রাইভেটকার-অ্যাম্বুলেন্স-জিপ ৩ দশমিক ২৩ শতাংশ, যাত্রীবাহী বাস ১১ দশমিক ৬৭ শতাংশ, মোটরসাইকেল ২৩ দশমিক ০৬ শতাংশ, থ্রি-হুইলার (ইজিবাইক-সিএনজি-অটোরিকশা-অটোভ্যান-টেম্পো-লেগুনা-মিশুক) ২০ দশমিক ৮১ শতাংশ, নসিমন-ভটভটি-আলমসাধু-মাহিন্দ্র-বোরাক-টমটম ৮ দশমিক ২৯ শতাংশ, রিকশা-রিকশাভ্যান, বাইসাইকেল ২ দশমিক ৮১ শতাংশ এবং অন্যান্য (পুলিশের পিকআপ, কোস্টগার্ডের ট্রাক, হ্যান্ড ট্রলি, হ্যালোবাইক, মিকশ্চার মেশিন, মাটিকাটার ভেকু মেশিন গাড়ি, ডিসিসি’র ময়লাবাহী ট্রাক) ১ দশমিক ৬৮ শতাংশ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত