মঙ্গলগ্রহে অভিযানের প্রথম ছবি পাঠিয়েছে চীনের মহাকাশযান ‘তিয়ানওয়েন-১’। মঙ্গলের ভূপৃষ্ঠের ‘স্কিয়াপ্যারেল্লি ক্রেটার’ (সুবিশাল গর্ত) আর গিরি খাতে ভরা এলাকা ‘ভ্যালেস মারিনেরিস’-এর কয়েকটি সাদাকালো ছবি এগুলো।
চীনের মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, তিয়ানওয়েন-১ এই মুহূর্তে মঙ্গলের কক্ষপথ থেকে ১১ লাখ কিলোমিটার দূরে রয়েছে। আগামী ১০ ফেব্রুয়ারি একটি ল্যান্ডার ও একটি রোভার নিয়ে তিয়ানওয়েন-১ মঙ্গলের কক্ষপথে প্রবেশ করবে। ছবি তোলার সময় এটি মঙ্গলের কক্ষপথের ২২ লাখ কিলোমিটার দূরে ছিল।
আগামী মে মাসে মঙ্গলের ‘ইউটোপিয়া’ এলাকায় অবতরণ করবে ৫ টন ওজনের তিয়ানওয়েন-১। এটি ৯০ মঙ্গল-মাস, অর্থাৎ পৃথিবীর হিসাবে তিন মাসেরও বেশি সময় মঙ্গলের ভূপৃষ্ঠের তথ্য ও নমুনা সংগ্রহ করবে। গত জুনে চীনের অ্যাকাডেমি অফ সায়েন্সেস-এর গবেষক বাও ওয়েইমিন বলেছিলেন, ‘অভিযানের কঠিনতম পর্ব হলো মঙ্গলগ্রহে অবতরণ করা। রোভার বহনকারী ল্যান্ডারের গতি চার ধাপে মন্থর করা হবে। এই প্রক্রিয়া ৭-৮ মিনিট ধরে চলবে।’
মহাকাশে মঙ্গল অভিযান সবসময়ই চ্যালেঞ্জিং ছিল। এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ, জাপান ও ভারতের কয়েকটি মঙ্গল অভিযান ব্যর্থ হয়। ২০১১ সালে চীনের প্রথম মঙ্গল অভিযান ‘ইয়িংঘুও-১’ ব্যর্থ হয়েছিল। ২০০৩ সালে সর্বপ্রথম মহাকাশে মহাকাশচারী পাঠায় চীন। ২০২২ সালে চীন পৃথিবীর কক্ষপথে তাদের স্পেস স্টেশনও গড়ে তুলতে যাচ্ছে। চীন চাঁদেও ইতিমধ্যেই দুটি রোভার অবতরণ করিয়েছে।
