নারায়ণগঞ্জে গণসমাবেশে বক্তারা

‘দেবোত্তর সম্পত্তি দখল করে কেউ খাবে তা হবে না’

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৮ এএম

নারায়ণগঞ্জে দেবোত্তর সম্পত্তি উদ্ধারের দাবিতে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে দেওভোগ জিউস পুকুরপাড়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে হিন্দু সম্প্রদায়ের লোকজন ছাড়াও জেলার সকল শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। সমাবেশে বক্তারা বলেন ‘দেবোত্তর সম্পত্তি দখল করে কেউ খাবে তা হবে না’।

নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার সাহার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিক। তিনি বলেন, নারায়ণগঞ্জ নগরী স্থাপনের সময়কালে শ্রী ভিকন লাল ঠাকুর শহরের দেওভোগ আখড়া এলাকায় দেবতা লক্ষ্মীনারায়ণের নামে ‘শ্রী শ্রী রাজা লক্ষ্মীনারায়ণ জিউর বিগ্রহ মন্দির’ প্রতিষ্ঠা করেন। কিন্তু আমাদের এই মন্দিরের সম্পত্তি এখন ‘খেয়ে’ ফেলার চক্রান্ত হচ্ছে।

নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা বলেন, মন্দিরের সম্পত্তি দখলের বিষয়ে আইভী বিতর্কিত কর্মকা-ের বিরুদ্ধে কথা বলায় দলীয় ফোরামে কথা না বলে মেয়র আইভী আমার বিরুদ্ধে আইসিটি আইনে মামলা করেছেন। কয়েক দিন আগে হকার ইস্যু নিয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা করেছেন। তিনি আসলে দলীয় লেবাসে মসজিদ মন্দিরের সম্পত্তি দখল করে দলের ক্ষতি করার এজেন্ডা বাস্তবায়ন করছেন।

নারায়ণগঞ্জ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি চন্দন শীল বলেন, মেয়র আইভীর কাছে মসজিদ মন্দির এমনকি বঙ্গবন্ধুর হাতে উদ্বোধনকৃত স্কুলও এখন নিরাপদ নয়। এসব বিতর্কিত কান্ডে বাধা দিলেই মেয়র আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করে দেন।

সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল অভিযোগ করে বলেন, শত শত বছরের ঐতিহ্যবাহী বন্দরের সোনা বিবি সড়কটির নাম বদলে দিয়েছেন মেয়র আইভী। শহরের বাগে জান্নাত মসজিদ ও মাদ্রাসা ভেঙে দিতে মেয়র আইভী চিঠি দিয়ে মসজিদের ও মন্দিরের জায়গা দখল করতে চাচ্ছেন। এখন আবার এই দেবোত্তর সম্পত্তির পাশাপাশি ডিআইটি মসজিদ ভেঙে ফেলতে চাইছেন। শুনলাম বন্দরে একটি ওয়াকফাহ সম্পত্তিও তিনি দখলের পাঁয়তারা করছেন। 

এদিকে এসব প্রসঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান মুঠোফোনে জানান, আমরা এখন করোনা থেকে ঘুরে দাঁড়িয়েছি। দলীয় নেতাকর্মীরা এসব বিষয়ে খুব ধৈর্য নিয়ে নীরব রয়েছে। এগুলো দল ও কেন্দ্র দেখবে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টায় আছি। তাই দলকে যে-ই বিতর্কিত করবে তারা কেউ দলের পর্যবেক্ষণের বাইরে নয়।

তবে এসব বিষয়ে সিটি মেয়র সেলিনা হায়াত আইভীকে গণমাধ্যমকর্মীরা ফোন দিলেও তিনি কোনো বক্তব্য দেবেন না বলে জানিয়ে দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত