রাস্তায় ভেঙে পড়ল বিদ্যুতের ৩টি খুঁটি যান চলাচল ব্যাহত

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ০১:১৯ এএম

যশোরের অভয়নগরের নওয়াপাড়ায় যশোর-খুলনা মহাসড়কে বিদ্যুতের তিনটি খুঁটি ভেঙে পড়েছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন চৌধুরী জানান, দুপুর ২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের নওয়াপাড়া ফেরিঘাট এলাকায় বিদ্যুতের একটি খুঁটি ভেঙে পড়ে। সঙ্গে সঙ্গে তার দুই পাশে আরও দুটি খুঁটি ভেঙে পড়ে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে ব্যস্ততম মহসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, ফেরিঘাট এলাকায় থাকা খুঁটিটি দীর্ঘদিন ধরে সংস্কারের জন্য স্থানীয় পল্লীবিদ্যুৎ অফিসে জানানো হলেও কর্তৃপক্ষ তা সংস্কার না করায় এ দুর্ঘটনা ঘটেছে। পল্লীবিদ্যুৎ সমিতির নওয়াপাড়া জোনাল অফিসের ডিজিএম প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন জানান, যানবাহনের ধাক্কায় একটি খুঁটি ভেঙে পড়ার কারণে অপর দুটি খুঁটিও ভেঙে পড়ে। দ্রুত সময়ের মধ্যে সেগুলো মেরামতের কাজ শুরু হয়েছে। আশা করছি, সন্ধ্যার পরপরই তা মেরামত করা সম্ভব হবে।

তবে নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি শাহাবুদ্দিন জানান, কোনো ধরনের যানবাহনের ধাক্কায় খুঁটিগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পাইনি। প্রায় তিন ঘণ্টা পর খুঁটিগুলো রাস্তা থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। তার আগে বাইপাস সড়ক দিয়ে যান চলাচল করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত