ঊরুর চোটে চট্টগ্রাম টেস্টের শেষ তিন দিনই দর্শক হয়ে ছিলেন সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের শেষ দিনের বীরত্বের ম্যাচটা শেষ পর্যন্ত হেরে যায় বাংলাদেশ। অনেকেই মনে করছেন সাকিব চোটে না পড়লে ফল হতে পারত অন্য রকম। ম্যাচে যার অভাব অনুভব করার কথা স্বীকার করেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও।
ম্যাচ শেষে মুমিনুল বলেন, ‘সাকিব ভাই থাকলে বোলিং অনেক গোছানো হতো। যেহেতু সিনিয়র বোলার, সিনিয়র ব্যাটসম্যান, সবাইকে আগলে রাখতে পারতেন। উনি না থাকায় মিস করেছি, বিশেষ করে বোলিংয়ে।’
নিষেধাজ্ঞা থেকে মুক্তির পর এই ম্যাচ দিয়ে টেস্টে ফেরেন সাকিব। দলের প্রথম ইনিংসে ব্যাট হাতে খেলেন ৬৮ রানের ইনিংস। কিন্তু বোলিংয়ে ৬ ওভারের পর আর করতে পারেননি। নিজের বলে ফিল্ডিংয়ের সময় টান লাগে তার ঊরুতে।
প্রথম ইনিংসে অন্য বোলাররা খুব বেশি বুঝতে দেননি সাকিবের অভাব। কিন্তু শেষ দিনে দেশের সফলতম টেস্ট বোলারের ঘাটতি বোঝা গেছে বারবার। অভিষিক্ত কাইল মেয়ার্সের ডাবল সেঞ্চুরিতে ম্যাচটা ৩ উইকেটে জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
