সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় ছেলে-মেয়েসহ এক স্কুলশিক্ষিকা নিহত হয়েছেন। গতকাল রবিবার দুপুরে শহরের এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুর দক্ষিণপাড়া মহল্লার মাসুদ রানার স্ত্রী ও বনবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রুনী খাতুন (৩০), তার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।
সিরাজগঞ্জ পৌরসভার ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আরজু আহমেদ জানান, গতকাল দুপুর ১২টার দিকে নিজের চশমা মেরামতের জন্য ছেলে ও মেয়েকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে সিরাজগঞ্জ শহরে যাচ্ছিলেন রুনী খাতুন। পথে এসবি ফজলুল হক সড়কের কালাচাঁন মোড় এলাকায় পৌঁছলে একটি যাত্রাবাহী বাস সামনে থাকা একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি ওই ট্রাকটির মুখোমুখি হয়ে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হয় মেয়ে সায়েবা ও অটোরিকশাচালক স্থানীয় একডালা ¯ুøইসগেট এলাকার চাঁন মিয়া (২৫)। পরে তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় সায়েবারও মৃত্যু হয়।
সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী জানান, ময়নাতদন্তের জন্য লাশগুলো ওই হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক ও অটোরিকশা জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ছাড়া জয়পুরহাট সদর উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় আরমান হোসেন বাবু (৯) নামে এক শিশু নিহত হয়েছে। গত শনিবার সন্ধ্যার দিকে উপজেলার দোগাছী পাকড়তলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বাবু একই গ্রামের মামুন হোসেনের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় স্থানীয় মঙ্গলবাড়ি বাজার থেকে ভ্যানযোগে সিমেন্ট নিয়ে দাদার সঙ্গে বাড়ি ফিরছিল বাবু। পথে দোগাছী পাকড়তলী এলাকায় আসামাত্র পেছন থেকে একটি ট্রাক্টর ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই বাবুর মৃত্যু হয়। জয়পুরহাট থানার ওসি একেএম আলমগীর জাহান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
রাজধানীতে ট্রাকচাপায় নিহত ১ : রাজধানীর কদমতলীর আলীবহর এলাকায় বালুবোঝাই ট্রাকচাপায় ছগির তালুকদার (৫৫) নামে একজন নিহত হয়েছেন। গত শনিবার রাতের এ ঘটনায় গতকাল রবিবার পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
কদমতলী থানার এসআই এমাদুল হক জানান, এলাকার বাসিন্দা ছগির তালুকদার একটি শপিং মলের নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। শনিবার রাত আড়াইটায় আলি বহর ইগল বক্সের পাশে রাস্তা পারের সময় বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
