ধানমন্ডির রাপা প্লাজা

জুয়েলারি শপসহ ৪ দোকানে দুর্ধর্ষ চুরি

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৬ এএম

রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরের রাপা প্লাজায় একটি জুয়েলারি দোকানসহ চারটি দোকানে দুর্ধর্ষ চুরি হয়েছে। গত শনিবার গভীর রাতের এ ঘটনা জানাজানি হয় গতকাল রবিবার। দুর্বৃত্তরা রাজলক্ষ্মী জুয়েলার্স থেকে ৫০০ ভরি সোনার গহনা ও ২ লাখ টাকা এবং জেন্টল পার্ক, মুনসুন রেইন ও ভোগ সুলতানা থেকে ৩ লাখ টাকার বেশি লুট করে নেয়।

রাজলক্ষ্মী জুয়েলার্স কর্র্তৃপক্ষ বলছে, তাদের দোকান থেকে ৫০০ ভরি গহনা ও ২ লাখ টাকা লুট হয়েছে। রাজলক্ষ্মী জুয়েলার্সের মালিকের ভাই অমিত সাহা বলেন, ‘শনিবার রাত আড়াইটা থেকে ৩টার দিকে এ লুটের ঘটনা ঘটে। তিনজনের একটি দল দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর তারা দোকান থেকে গহনা ও নগদ অর্থ লুট করে নিয়ে যায়।’ তিনি আরও বলেন, ‘সিসি টিভির ফুটেজে তিনজনকে দেখা যায়। তাদের দুজনের মুখ ঢাকা ছিল। অন্যজনের মুখ খোলা ছিল। তাদের সবার বয়স আনুমানিক ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে।’

জেন্টল পার্ক কর্র্তৃপক্ষ বলছেন, তাদের দোকান থেকে ১ লাখ ৫৬ হাজার টাকা লুট করা হয়েছে। ভোগ সুলতানার কর্র্তৃপক্ষ জানিয়েছেন, তাদের দোকান থেকে লুট হয়েছে ১ লাখ ২২ হাজার টাকা। মনসুন রেইন কর্র্তৃপক্ষ জানিয়েছেন, তাদের দোকান থেকে ২৫ হাজার টাকা লুট হয়েছে।

রাপা প্লাজা দোকান মালিক সমিতির সহসভাপতি আখতার হোসেন তসলিম বলেন, ‘২০০০ সালে এই শপিংমল চালু হয়। আগে কখনো এ মার্কেটে চুরি-ডাকাতির ঘটনা ঘটেনি। বৃহস্পতি, শুক্র ও শনিবারের বেচাকেনার টাকা প্রত্যেক দোকানের ক্যাশ বাক্সে ছিল। সেই টাকাই লুট হয়েছে।’

ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) কর্মকর্তারা বলেছেন, আলামত দেখে মনে হচ্ছে, রাজলক্ষ্মী জুয়েলার্সের বাঁদিকের ওয়াশরুমের গ্রিল ও ফলস সিলিং কেটে দুর্বৃত্তরা ভেতরে ঢুকেছে।

ডিএমপির গোয়েন্দা শাখার (রমনা) উপকমিশনার আজিমুল হক ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘এ ঘটনা যারা ঘটিয়েছে, তারা পেশাদার বলেই মনে হচ্ছে। পুলিশ কাজ শুরু করেছে। চোর দ্রুতই ধরা পড়বে।’

আজিমুল হক আরও বলেন, ‘সিসি ক্যামেরার ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করার চেষ্টা চলছে। উন্নত প্রযুক্তির ব্যবহারে দুর্বৃত্তদের চেহারা শনাক্ত করার চেষ্টা চলছে। আশপাশের বিভিন্ন দোকান ও সড়কের সিসি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যাতে দ্রুত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা যায়।’

এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, মার্কেট ম্যানেজমেন্ট ও নিরাপত্তার দায়িত্বে থাকা লোকজন চুরির ঘটনার সঙ্গে জড়িত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত