আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতার কারণে করোনা ভ্যাকসিন বাংলাদেশের জনগণের কাছে পৌঁছে গেছে। যে দিন থেকে করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য গবেষণা চলছিল সেদিন থেকে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছিলেন আবিষ্কৃত হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের জনগণকে ভ্যাকসিন দেওয়ার জন্য ব্যবস্থা করতে হবে। তারই গাইডেন্সে আজকে আমরা ভ্যাকসিন পেয়েছি। জননেত্রী শেখ হাসিনা আমরা যাতে করোনাভাইরাসের বিরুদ্ধে দাঁড়াতে পারি সেই ব্যবস্থা করেছেন। এজন্য আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই। গতকাল রবিবার দুপুরে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকাদান উদ্বোধনকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধন অনুষ্ঠানে পাঁচজনকে করোনা ভ্যাকসিন দেওয়া হয়ে। তারা হলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর মোহাম্মদ, সাংবাদিক মানিক মিয়া, পুলিশ সদস্য রমিজ উদ্দিন, আবুল হাসেম ভূইয়া ও মো. কামাল।
আইনমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। দেশে বিভেদের চেষ্টা চলছে। আপনাদের জানতে হবে বাংলাদেশের শত্রু কারা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের লোক যখন করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে বিএনপির সাহেবরা তখন বিদেশে চলে যায় চিকিৎসা করতে।’
তিনি বলেন, ‘গত বছর যখন করোনা মহামারী শুরু হয় তখন এক বিদেশি সাংবাদিক বলেছিলেন বাংলাদেশে ২০ লাখ লোক মারা যাবে। বাংলাদেশের রাস্তায় এত লাশ পড়ে থাকবে দুর্গন্ধে চলাচল করতে পারবে না। তাকে আমি বলতে চাই, দুঃখের হলেও বাংলাদেশে এখন পর্যন্ত ৪ হাজার ২০০ জন মারা গেছে। পৃথিবীতে বাংলাদেশকে একটি খারাপ দেশ হিসেবে পরিচয় করাতে তারা এটা বলেছিল।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাসেম ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মো. জয়নাল আবেদীন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান, আখাউড়া থানার ওসি মো. রসুল আহমেদ নিজামী প্রমুখ।
