আলজাজিরার প্রতিবেদনকে কল্পনাপ্রসূত ও উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে উল্লেখ করে প্রতিবাদ জানিয়েছে ননক্যাডার পুলিশদের সংগঠন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশন। গতকাল রবিবার সংগঠনের সভাপতি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিমানবন্দর থানার ওসি বিএম ফরমান আলী এবং সাধারণ সম্পাদক ও যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আলজাজিরায় ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে প্রচারিত প্রতিবেদনটি অসত্য, কল্পনাপ্রসূত, দুরভিসন্ধিমূলক ও অসৎ উদ্দেশ্যে প্রচারিত হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের ভিত্তিতে তৈরি করা এ প্রতিবেদনটি সাম্প্রতিক সময়ে কতিপয় স্বার্থান্বেষী মহল কর্র্তৃক দেশকে অস্থিতিশীল করার ধারাবাহিক প্রচেষ্টার একটি অপপ্রয়াস মাত্র।
×
