‘নেত্রী’ বর্ষার দেহরক্ষী অনন্ত

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১০:৫৪ পিএম

ভারতের বেশ কিছু অভিনেতার অংশগ্রহণের খবর প্রকাশ্যে আসার পরপরই আলোচনায় উঠে এসেছে ‘নেত্রী : দ্য লিডার’ সিনেমাটি। এর মূল চরিত্রে অভিনয় করবেন বর্ষা, যার দেহরক্ষী হিসেবে থাকবেন অনন্ত জলিল। গত রবিবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি আরও জানান, ছবিতে অভিনয়ের পাশাপাশি এর চিত্রনাট্য ও পরিচালনা করছেন তিনি। যৌথ প্রযোজনায় তৈরি এ সিনেমায় থাকছেন আরও দুজন পরিচালক। কয়েকটি ভাষায় নির্মিত ছবিটি বিভিন্ন দেশে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে তুর্কির ১৯৫৮ ফিল্মস ইয়াপিমের সঙ্গে যৌথভাবে প্রযোজনা করছে মুনসুন ফিল্মস। সিনেমার গল্প সম্পর্কে অনন্ত বলেন, ‘আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের একজন মুখ্যমন্ত্রীকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেটকে। সেখানে এক নেতা মারা যাওয়ার পর পার্টির সম্মতিতে তার মেয়ে নেত্রী হন। তাকে নিয়েই সিনেমার গল্প এগোবে।’

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকায় ‘নেত্রী : দ্য লিডার’-এর শ্যুটিং শুরু হবে। চার দিন শ্যুটিংয়ের পর তারা যাবেন সিলেটে। এরপর ভারতের হায়দরাবাদ ও তুরস্কের বিভিন্ন স্থানে শ্যুটিং হবে। এতে দক্ষিণ ভারতীয় দুই অভিনেতা প্রদীপ রাওয়াত ও কবির দোহান সিং এবং ভোজপুরি অভিনেতা রবি কিষান কাজ করবেন। তুরস্কের কয়েকজন শিল্পীকেও দেখা যাবে এতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত