সপ্তম শ্রেণি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২১, ১১:৩৭ পিএম

প্রথম অধ্যায় : বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম

সৃজনশীল প্রশ্ন ও উত্তর

নূরুন্নাহার বেগম বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের শিক্ষক। সপ্তম শ্রেণিতে বাংলাদেশ ও বিশ্বপরিচয় ক্লাসে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি এগারো দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয় ব্যাপক গণ-আন্দোলন, যা পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের তীব্রতার মুখে সেনাপ্রধান ইয়াহিয়া খান বাঙালিকে শান্ত করার জন্য ১৯৭০ সালে সাধারণ নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেন।

ক. তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে কতভাগ বাঙালি অফিসার ছিলেন?

খ. যুক্তফ্রন্টের বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকা ‘ব্যালট বিপ্লব’ বলে আখ্যায়িত করে ব্যাখ্যা করো।

গ. উদ্দীপকে উল্লিখিত গণ-আন্দোলন কীভাবে গণ-অভ্যুত্থানে রূপ নেয় পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করো।

উত্তর

ক. তৎকালীন পাকিস্তানি সেনাবাহিনীতে মাত্র পাঁচ ভাগ বাঙালি অফিসার ছিলেন।

খ. ১৯৫৪ সালে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক পার্টি, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল এই চার রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট গঠিত হয়। ১৯৫৪ সালে নৌকা প্রতীক নিয়ে যুক্তফ্রন্ট বাংলার আইন পরিষদের নির্বাচনে অংশগ্রহণ করে এবং ৩০৯টি আসনের মধ্যে ২৩৬টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। অন্যদিকে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম বিপর্যয় ঘটে দলটি মাত্র ৯টি আসন পায়। বাকি আসনে স্বতন্ত্র প্রার্থীসহ অন্যান্য দল বিজয়ী হয়। তাই নির্বাচনে যুক্তফ্রন্টের এ বিজয়কে দেশ-বিদেশের পত্রপত্রিকা ‘ব্যালট বিপ্লব’ বলে আখ্যায়িত করে।

গ. উদ্দীপকে উল্লিখিত এগারো দফা আন্দোলন কীভাবে পরে গণ-অভ্যুত্থানে রূপ নেয়, তা পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা করা হলো।

১৯৬৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ছয় দফার পাশাপাশি নতুন এগারো দফা আন্দোলন নিয়ে মাঠে নামে। শুরু হয়ে যায় ব্যাপক গণ-আন্দোলন। গণতন্ত্র প্রবর্তন, পূর্ব পাকিস্তানের পূর্ণ স্বায়ত্তশাসন, ব্যাংক, বীমা, বৃহৎশিল্পের জাতীয়করণ, কৃষকের খাজনা ও করের হার হ্রাস, সব রাজবন্দির মুক্তি ও রাজনৈতিক মামলা প্রত্যাহারসহ বিভিন্ন দাবির পক্ষে ছাত্ররা আন্দোলন শুরু করে। ১৯৬৯ সালের জানুয়ারিতে ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশন ঐক্যবদ্ধ হয়ে একটি সর্বদলীয় ‘ছাত্র-সংগ্রাম পরিষদ’ গঠন করে। ছাত্র-সংগ্রাম পরিষদ দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলন শুরু করে। সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে। ১৯৬৯ সালের ২০ জানুয়ারি ঢাকায় ছাত্র-জনতার মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান (আসাদ) নিহত হন। আসাদের নিহত হওয়ার পর এই আন্দোলন গণ-অভ্যুত্থানে পরিণত হয়। আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে জেনারেল আইয়ুব খান সেনাপ্রধান জেনারেল ইয়াহিয়া খানের হাতে ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত