শুরু হচ্ছে ট্রাম্পের অভিশংসন বিচার

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৩৬ এএম

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসিত করতে সিনেটের বিচার প্রক্রিয়া চলতি সপ্তাহে শুরু হচ্ছে। দ্রুততার সঙ্গে এই প্রক্রিয়া শেষ করতে চায় উভয়পক্ষ। বর্তমানে ক্ষমতাসীন প্রেসিডেন্ট জো বাইডেন দলীয় ডেমোক্র্যাটরা চান ক্যাপিটল হিলে সমর্থকদের হামলার জন্য ট্রাম্পকে বিচারের মুখোমুখি করতে আর রিপাবলিকানরা চান যত দ্রুত সম্ভব এই বিতর্কের অবসান হোক।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের আইনসভা ক্যাপিটল ভবনে উগ্র ট্রাম্প-সমর্থকদের হামলার পর বিদায়ী প্রেসিডেন্টকে নির্ধারিত সময়ের আগেই পদ থেকে সরাতে ডেমোক্র্যাটরা প্রতিনিধি পরিষদে অভিশংসন প্রস্তাব উত্থাপন করেন। ১৩ জানুয়ারি সে প্রস্তাবের পক্ষে বিপক্ষে ভোটাভুটি হয়। ২৩২-১৯৭ ভোটে পাস হয় প্রস্তাবটি। ১০ জন রিপাবলিকানও এতে সমর্থন দেন। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কংগ্রেসের নিম্নকক্ষে অভিশংসিত হন ট্রাম্প। চূড়ান্ত অভিশংসনের জন্য প্রস্তাবটি সিনেটে পাঠাতে হবে। সেখানে বিচার প্রক্রিয়ার পর দুই-তৃতীয়াংশ ভোটে পাস করাতে হবে এটি।

সিনেটে আজ থেকে ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়া শুরুর কথা রয়েছে। আশা করা হচ্ছে, এবার প্রক্রিয়াটি দ্রুত শেষ হবে। শুরুর যুক্তি উপস্থাপন, প্রশ্নোত্তর এবং বিতর্কের সময়সীমার মতো বিস্তারিত প্রক্রিয়া নিয়ে এখনো দরকষাকষি করছেন সিনেট নেতারা। তবে এখন পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে খুব অল্প কয়েকজন প্রত্যক্ষদর্শীকে ডাকা হবে আর প্রসিকিউটর ও ট্রাম্পের আইনজীবীরা সরাসরি সিনেটরদের সঙ্গে আলোচনা করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত