খালেদা জিয়াকে মুক্ত করতে না পারায় ক্ষমা চাইলেন মির্জা আব্বাস

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০২:৪৫ এএম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে সংগঠন গুছিয়ে অচিরেই মাঠে নামার ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। গতকাল সোমবার ঢাকায় এক প্রতিবাদ সমাবেশে এ ঘোষণা দেন তিনি। এ সময় খালেদা জিয়াকে মুক্ত করতে না পারা এবং তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য ‘ব্যর্থতা’ স্বীকার করে ক্ষমাও চান মির্জা আব্বাস। খালেদা জিয়ার কারাবন্দিত্বের তিন বছর পূর্তি উপলক্ষে গতকাল সারা দেশে জেলা-মহানগরে প্রতিবাদ সমাবেশের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ হয়।

বিএনপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে আয়োজিত এ সমাবেশে অংশ নিতে সকাল থেকে ঢাকার বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে নেতাকর্মীরা প্রেস ক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এ সময় খালেদা জিয়ার ছবি সংবলিত প্ল্যাকার্ড বহন করে তার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন তারা।

সমাবেশে মির্জা আব্বাস বলেন, ‘আজকের এই প্রতিবাদ সমাবেশ বা মানববন্ধনে প্রমাণ হয়েছে তিলে তিলে এই বন্ধন বড় হবে খালেদা জিয়ার মুক্তি না হওয়া পর্যন্ত। আমরা দৃঢ়তার সঙ্গে বলতে চাই, দলকে সুন্দরভাবে সংগঠিত করে ইনশাল্লাহ অচিরেই আমরা মাঠে নামব, খালেদা জিয়া এবং তারেক রহমানকে আমরা দেশে ফিরিয়ে আনব।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমরা যদি গণতন্ত্র ফিরিয়ে আনতে চাই তাহলে আমাদেরকে যুদ্ধে শামিল হতে হবে, সেই যুদ্ধ গণতান্ত্রিক প্রক্রিয়ায়ই হবে। সেই যুদ্ধ স্লোগানের মধ্যে সীমাবদ্ধ না। সেই যুদ্ধ শুধু আমাদের নিজেদের অবস্থান তুলে ধরার জন্য চেষ্টা না করে দেশের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে খালেদা জিয়াকে বন্দি থেকে মুক্ত করতে হবে। তিনি মুক্ত হলে গণতন্ত্র মুক্তির সূচনা হয়, খালেদা জিয়া মুক্ত হলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিদেশের মাটিতে থাকতে হয় না। সেই কারণে বলছি, বারবার বলছি সিদ্ধান্ত নিতে হবে, বারবার বলছি, আমরা আন্দোলন-সংগ্রাম করে কোনোভাবে রাজপথ ছাড়ব না। আমাদের কথায় নয়, কাজে প্রমাণ করতে হবে।’

আলজাজিরার প্রতিবেদন মিথ্যা প্রমাণ করুন : কাতারভিত্তিক টেলিভিশন স্টেশন আলজাজিরায় বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রতিবেদনের প্রসঙ্গ টেনে মির্জা আব্বাস বলেন, ‘এই বছর হলো আমাদের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর। স্বাধীনতার এত বছরে শুনতে হয়, বাংলাদেশ একটি মাফিয়া দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা বলতে চাই আপনারা দয়া করে প্রমাণ করুন আলজাজিরায় যা কিছু আসছে সব মিথ্যা। আমরা আপনাদের সমর্থন দেব, আমরা আপনাদের সাহায্য করব। প্রমাণ করেন। শুধু মুখে ফাঁকা বুলি আওড়াচ্ছেন।’

দলের যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলের সভাপতিত্বে ও দক্ষিণের সাধারণ সম্পাদক কাজী আবুল বাশারের পরিচালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, আবদুস সালাম, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, কেন্দ্রীয় নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত