পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্চের ধানসাগর টহল ফাঁড়ির পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে লাগা আগুন বিকেল সাড়ে ৫টার দিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। আগুনে বনভূমির প্রায় চার শতক জমির বলাগাছ ও লতাগুল্ম পুড়ে গেছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এনামুল হক। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।
এনামুল হক বলেন, ‘দুপুর ২টার দিকে চাঁদপাই রেঞ্জের ধানসাগর টহল ফাঁড়ির পাশে আগুনের ধোঁয়া দেখতে পান বনকর্মীরা। পরে তারা সেখানে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। আগুন যাতে বিস্তীর্ণ এলাকায় ছড়াতে না পারে সেজন্য বনকর্মীরা প্রথমেই ফায়ার লাইন (আগুনের অংশের মাটি আলাদা করা) কেটে দেন। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে পানি ছিটিয়ে আগুন সম্পূর্ণ নিভিয়ে ফেলে। আগুন ওই এলাকার প্রায় চার শতাংশ জমিতে ছড়িয়ে ছিল। এখানে বনের কোনো মূল্যবান গাছপালা নেই। এখানে আগাছা, পরগাছা ও লতাগুল্ম জাতীয় গাছ রয়েছে।’
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মদ বেলায়েত হোসেন বলেন, ‘বনের যে এলাকায় আগুন লেগেছে ওই এলাকার খালগুলো মরে গেছে। শীত মৌসুমে খালে পানি থাকে না। যার কারণে লোকালয়ের মানুষ হেঁটে বনে ঢুকতে পারে। বনের ভেতরে আসা মানুষের বিড়ি-সিগারেটের ফেলা আগুন থেকে এই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছি। বনকর্মী ও ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে বিকেল সাড়ে ৫টা নাগাদ আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণ করতে চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক এনামুল হককে প্রধান করে তিন সদস্যে তদন্ত কমিটি করা হয়েছে। প্রতিবেদন পেলে অগ্নিকাণ্ডের কারণ জানা যাবে।’
