ঢাকা মেডিকেল কলেজের ফজলে রাব্বী হলে ইন্টার্ন চিকিৎসকদের ওপর হামলাকারীদের বিচারসহ তিন দফা দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্র জোট। গতকাল সোমবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব দাবি জানান জোটের নেতারা।
তাদের অন্যান্য দাবি হলো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ডিপ্লোমা শিক্ষার্থীদের দাবি মেনে নেওয়াসহ তাদের ওপর হামলার বিচার করা।
প্রগতিশীল ছাত্র জোটের প্রধান সমন্বয়ক আল কাদেরী জয়ের সভাপতিত্বে এবং সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন প্রিন্সের সঞ্চালনায় সমাবেশে অন্যদের মধ্যে ছাত্র ইউনিয়নের সহসভাপতি কেএম মোত্তাকী, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা প্রমুখ নেতারা বক্তব্য রাখেন। সমাবেশে নেতারা বলেন, সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে অগণতান্ত্রিক পরিবেশ বিরাজ করছে। ডিপ্লোমা শিক্ষার্থীরা মাসের পর মাস তাদের ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করে আসছে। তাদের দাবিগুলো মেনে নেওয়া দূরের কথা বরং তাদের ওপর হামলা এবং চারজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে।
