কোর্সের ফলাফল প্রকাশ করার পর তাতে অসঙ্গতি রয়েছে বলে অভিযোগ তুলেছেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। তাদের দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ফলাফল খারাপ করা হয়েছে। এ অভিযোগে বিভাগের সামনে মঙ্গলবার সকাল থেকে ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের শিক্ষার্থীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন।
তাদের দাবি, অবিলম্ব এই ফলাফল পুনর্মূল্যায়ন করতে হবে। অন্যথায় সর্বাত্মক আন্দোলন কর্মসূচি পালন করবেন তারা। এ সময় শিক্ষার্থীদের কেন প্রতিপক্ষ ভাবা হয়, সে প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা। কর্মসূচিতে ওই ব্যাচের অধিকাংশ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এর আগে শিক্ষার্থীরা নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছেন বলে অভিযোগ করেন বেরোবির ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মৌটুসি রায়। এ অভিযোগে সোমবার দিবাগত মধ্যরাতে নগরীর তাজহাট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
জিডিতে মৌটুসি রায় উল্লেখ করেছেন, সোমবার বিকেলে ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের ৭ম ব্যাচের ট্রান্সলেশন স্টাডিজ কোর্সের ‘কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট’ টেস্টের ফলাফল প্রকাশ করেন। ফলাফল দেখে ওই ব্যাচের শিক্ষার্থী মোছা. অ্যামেলি আক্তার, আনিসুর রহমান, মোতাউল ইসলামসহ কয়েকজন তার মোবাইলে এসএমএস করে নানাভাবে হুমকি প্রদান করেন।
তিনি বলেন, শিক্ষার্থীরা ওই ফলাফলে কম মার্কস পাওয়ার জেরে জীবনঘাতী সিদ্ধান্ত নেবে এবং তার জন্য তিনি দায়ী থাকবেন বলে আমাকে হুমকি দেয়।
জিডিতে মৌটুসি রায় আরো উল্লেখ করেন, ওই ব্যাচের প্রায় প্রত্যেক শিক্ষার্থী ফলাফল পুনর্বিবেচনা না করলে সর্বাত্মক আন্দোলনের হুমকি দিয়েছেন এসএমএসের মাধ্যমে। এ অবস্থায় তিনি উদ্বিগ্ন এবং নিরাপত্তাহীনতায় ভুগছেন।
জিডির বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার ওসি আক্তারুজ্জামান প্রধান বলেন, ‘থানায় একটি জিডি হয়েছে। এ বিষয়ে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
