মোহামেডানের জয়ে ফেরার দিনে আবাহনীর ড্র

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২১, ০৯:০৯ পিএম

পাঁচ ম্যাচ পর জয়ের দেখা পেল মোহাডেমান স্পোর্টিং ক্লাব লিমিটেড। তবে সাদাকালোদের জয়ে ফেরার দিনে অন্য ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেড পয়েন্ট হারিয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ প্রিমিয়ার লিগে ছিল মোট তিনটি খেলা। কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ এফসিকে ১-০ গোলে হারায় মোহামেডান। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ২-২ গোলে ড্র করে আবাহনী।

একই ভেন্যুতে অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে শেখ রাসেল ক্রীড়াচক্র।

প্রিমিয়ার লিগের সাবেক দুই চ্যাম্পিয়ন আবাহনী ও শেখ জামালের মধ্যকার ম্যাচটির রোমাঞ্চকর সমাপ্তি হয়। দুই দুইবার এগিয়ে যাওয়া আবাহনী পারেনি লিড ধরে রাখতে। নিজেদের প্রথম পাঁচ ম্যাচেই জয় পাওয়া শেখ জামাল শেষ পর্যন্ত পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে।

ম্যাচের ১৩ মিনিটে হাইতির ফরোয়ার্ড কেরভেন্স ফিলস বেলফোর্ট আবাহনীকে এগিয়ে দেন। ৬ মিনিট পরই সমতা টানে শেখ জামাল। গাম্বিয়ান ফরোয়ার্ড সুলাইমান সিল্লাহ সমতা সূচক গোলটি করেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফের এগিয়ে যায় আবাহনী। গোলদাতা- ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফ্রান্সিসকো রদ্রিগেজ দি সৌজা। ৭১তম মিনিটে ফের সমতায় ফেরে শেখ জামাল। এবার সিল্লাহর এসিস্টে গোল করেন ওমর জোবে।

শেষ দিকে আবাহনীর ডিফেন্ডার নাসির উদ্দিন চৌধুরি গোল করলেও অফসাইডে বাতিল হয় সেটি। ম্যাচের দুই তৃতীয়াংশ সময় ১০ জন করে খেলেছে দুই দল। ৩৭ মিনিটে দুই দলের বল দখলের লড়াই একপর্যায়ে ধাক্কা-ধাক্কিতে গড়ায়। তৈরি হয় উত্তেজনা। রেফারি লাল কার্ড দেখান শেখ জামালের সলোমন কিং ও আবাহনীর জুয়েল রানাকে।

এদিকে মোহামেডানের জয়ে একমাত্র গোলটি করেছেন দলটির জাপানি মিডফিল্ডার উরু নাগাতা। শেখ রাসেলের জয়ে হ্যাটট্রিক করেছেন নাইজেরিয়ান ওবি মোনেকে। অন্য গোলটি মোহাম্মদ আব্দুল্লাহর।

৭ ম্যাচ খেলে পঞ্চম জয়ের স্বাদ পাওয়া শেখ রাসেল ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। এক ম্যাচ কম খেলে তাদের সমান ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেখ জামাল।

৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে চতুর্থ আবাহনী। ৯ পয়েন্ট নিয়ে মোহামেডানের অবস্থান ষষ্ঠ। ৬ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে পুলিশ আছে নবম স্থানে। আরামবাগ ৬ ম্যাচ খেলে সব কটিতে হেরে টেবিলে সবার তলানিতে অবস্থান করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত