চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ অ্যান্ড ভ্যাট কমিশনারেটের উদ্যোগে দুদিনব্যাপী ভ্যাট মেলা আজ বুধবার শুরু হচ্ছে। মেলায় অনলাইনে ভ্যাট নিবন্ধন ও রিটার্ন জমা দেওয়ার সুযোগ থাকবে। গত বছর প্রথমবারের মতো অনুষ্ঠিত ভ্যাট মেলায় ১৯ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছিল বলে জানিয়েছেন ভ্যাট কর্মকর্তারা।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট চট্টগ্রামের অধীন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট আগ্রাবাদ, চান্দগাঁও, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, পটিয়া, কক্সবাজার ও বান্দরবান বিভাগে এ মেলা হবে।
মেলা উপলক্ষে গতকাল মঙ্গলবার আগ্রাবাদের ভ্যাট দপ্তরের সৈকত সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন জানান, ব্যবসায়ীরা যাতে ভ্যাট নিবন্ধন গ্রহণ বা অনলাইনে রিটার্ন দাখিল করতে কোনো হয়রানির শিকার না হন এবং ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) জনপ্রিয় করার লক্ষ্যে এ মেলার আয়োজন হচ্ছে।
ভ্যাট কমিশনার জানান, ভ্যাট প্রদান ও গ্রহণে স্বচ্ছতা আনতে ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে প্রাপ্ত ১২০টি ইলেকট্রনিক ফিসকাল ডিভাইস (ইএফডি) ইতিমধ্যে চট্টগ্রাম অঞ্চলে স্থাপন করা হয়েছে। চলতি মাসের মধ্যে আরও ৪০০টি ইএফডি মেশিন স্থাপন করা হবে। এ মেশিনের সাহায্যে ভ্যাট দিলে যথাযথভাবে সরকারি কোষাগারে জমার বিষয়টি নিশ্চিত হবে। মেলার পাশাপাশি নগরীর গুরুত্বপূর্ণ বিপণিকেন্দ্রগুলোয় ২০টি ভ্যাট বুথ স্থাপনের মাধ্যমে সরাসরি সেবা দেওয়া হবে।
