কংগ্রেস নেতার জন্য সংসদে কাঁদলেন মোদি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৫:২১ এএম

ভারতের বিরোধী দল কংগ্রেসের প্রভাবশালী নেতা গুলাম নবি আজাদ। দেশটির রাজ্যসভায় সংসদ সদস্য হিসেবে গতকাল মঙ্গলবার ছিল তার শেষ দিন। প্রবীণ এই কংগ্রেস নেতার বিদায় উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

রাজ্যসভায় সামনাসামনি বসা বিরোধী নেতা আজাদকে প্রশংসার বন্যায় ভাসিয়ে আবেগাপ্লুত মোদি একসময় কাঁদলেনও।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখতে গিয়ে মোদি আগেও আবেগতাড়িত হয়েছেন। কিন্তু সংসদে দাঁড়িয়ে এভাবে কাঁদতে দেখা যায়নি ভারতের প্রধানমন্ত্রীকে, তাও আবার বিরোধী দলের কোনো নেতার কথা বলতে গিয়ে এমন আবেগপ্রবণ তিনি হননি কখনো।

ভারতের সংবাদমাধ্যম নিউজ ১৮ জানাচ্ছে, গতকাল ছিল রাজ্যসভার চলতি অধিবেশনের শেষ দিন। একই সঙ্গে সাংসদ হিসেবে রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদের মেয়াদও শেষ হয়। দায়িত্বে থাকাকালীন বারবার নানা ইস্যুতে মোদি সরকারকে তীব্র আক্রমণ শানিয়েছেন আজাদ। প্রধানমন্ত্রীকেও অতীতে নিশানা করেছেন তিনি। কিন্তু এ দিন রাজনৈতিক তিক্ততা ভুলে কংগ্রেস সাংসদের ভূয়সী প্রশংসা শোনা গেল প্রধানমন্ত্রীর গলায়।

স্মৃতি হাতড়ে নরেন্দ্র মোদি বলেন, তিনি গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন কাশ্মীরে জঙ্গি আক্রমণে নিহত গুজরাতের বাসিন্দাদের দেহ ফেরানোর ব্যবস্থা করতে গভীর রাতে শ্রীনগর বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন গুলাম নবি আজাদ। সেখান থেকেই ফোন করেছিলেন মোদিকে। মোদি বলেন, ‘সেদিন ওনার গলা শুনে মনে হচ্ছে, যেন পরিবারের কাউকে হারিয়েছেন। সেদিন ওনার কান্না যেন থামতে চাইছিল না। অত রাতেও উনি বিমানবন্দরে পৌঁছে গিয়েছিলেন।’ এ পর্যন্ত বলেই কেঁদে ফেলেন ভারতীয় প্রধানমন্ত্রী। নিজের কথাও শেষ করতে না পেরে গুলাম নবি আজাদকে স্যালুটও করেন তিনি।

প্রধানমন্ত্রী মোদি বলেন, বিরোধী দলনেতা হিসেবে গুলাম নবি আজাদের স্থলাভিষিক্ত যিনি হবেন, তার কাজটা কঠিন হতে চলেছে। কারণ আজাদ যেভাবে দায়িত্ব পালন করেছেন, সেই জায়গা পূরণ করা মুশকিল।

তিনি বলেন, ‘ক্ষমতা তো আসবে যাবে, কিন্তু কীভাবে তার ব্যবহার করতে হয়, সেটা গুলাম নবি আজাদের থেকে শিখতে হয়। আপনি একজন প্রকৃত বন্ধু।’

নরেন্দ্র মোদি যখন এই সমস্ত কথা বলছেন, তখন কিছুটা যেন বিহ্বল হয়ে পড়েন প্রবীণ সাংসদও। আজাদের উদ্দেশে নরেন্দ্র মোদি বলেন, ‘সব সাংসদের জন্যই আমার দরজা খোলা থাকে, কিন্তু আপনার জন্য তা আরও বেশি করে উন্মুক্ত থাকবে। আপনার মতো মানুষের অভিজ্ঞতা, পরামর্শ দেশের প্রয়োজন।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত