চট্টগ্রামে এক দিনেই টিকা নিলেন ১০ হাজার ৩৬২ জন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২১, ০৯:১১ পিএম

করোনাভাইরাস থেকে নিজেকে রক্ষায় গণটিকাদানের চতুর্থ দিন চট্টগ্রামে টিকা নিয়েছেন ১০ হাজার ৩৬২ জন নগরী ও উপজেলার বাসিন্দারা। এদের মধ্যে নগরীতে ৫ হাজার ৩৭৮ জন টিকা নিয়েছেন।

বুধবার বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় হতে প্রাপ্ত পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

তিনি জানান, ১৪ উপজেলার ৪ হাজার ৯৮৪ জন করোনার টিকা নিয়েছেন। এদের মধ্যে পুরুষ ৩ হাজার ৪২০ এবং মহিলা ১ হাজার ৫৬৪ জন। নগরীর ১২টি কেন্দ্রে ৫ হাজার ৩৭৮ জনকে টিকা দেওয়া হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, নগরীতে ৩ হাজার ৬১২ পুরুষ এবং ১ হাজার ৭৬৬ জন নারী করোনার টিকা নিয়েছেন। নগরীতে সবচেয়ে বেশি টিকা প্রদান করা হয়েছে চমেক হাসপাতালে। সেখান থেকে ১ হাজার ৫৯৭ জন করোনা টিকা নিয়েছেন। ৭ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চার দিনে চট্টগ্রামে সবচেয়ে বেশি টিকা প্রদান হয়েছে। এর আগে ৯ ফেব্রুয়ারি টিকা নেন ৬ হাজার ৫৯ জন। এ পর্যন্ত চট্টগ্রামে নগরী ও উপজেলায় টিকা নিয়েছেন ১৮ হাজার ৯৯৪ জন।

চট্টগ্রাম জেলার জন্য প্রথম ধাপে ৪ লাখ ৫৬ হাজার ডোজ টিকা এসেছে। এর মধ্যে ১ লাখ ৫৪ হাজার টিকা নগরীর বাসিন্দারা পাবেন। বাকি টিকা ১৪টি উপজেলায় পাঠানো হয়েছে ৫ ফেব্রুয়ারি। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত